অবেলার পাখি
— মাহমুদ বুলবুল
তমসায় ঘেরা এই অবেলায়
কেন ফের ডাকাডাকি
রে অবেলার পাখি?
ভাঙাডানা আর খোড়াপাও নিয়ে
তাও এসেছিস চলে?
বেলা থাকতেই জানটা কেন যে
পড়েনি রে তোর ঢলে
স্নিগ্ধ আলোর কোলে?
তোর ডাক শুনে মন কাঁদে তবু
দেহটা চলে না আর
আমি যে রয়েছি শিকলবন্দী
মুক্তি মেলা যে ভার
উপায়ও নেই তার!
এতপথ ধরে এত উড়ে উড়ে
পাসনি কী আর ডাল
সে’পথমাঝে কি কোথাও মেলেনি
কারোই ঘরের চাল
এতদিন এতকাল?
এত তৃষা-ক্ষুধা দেহ-মনজ্বালা
কী দিয়ে মেটাবি বল?
এ’ডালের ‘পরে মিলবে যে শুধু
কুয়াশা-শিশিরজল
হবে যে মরণকল!
তাই বলি শোন, ফিরে যারে তুই
থাকতে কিছুটা আলো
নীলাকাশটারে এখনো দেখায়
হয়নি তা ঘনকালো
সেই হবে বেশভালো!
আহত হলেও মুক্ত যে তুই
নেই কোনো বাধা তোর
চিরআঁধারের মাঝে বন্দীর
কখনো আসে না ভোর
হয় না যে খোলা ডোর!
কী হবে রে ভালোবেসে
ভাবলে ভাবিস বড় নিষ্ঠুর
এই অবেলায় এসে!
স/এষ্

