এ.কে আজাদ (জেলা প্রতিনিধি)- লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরে কলেজ ছাত্রীকে উত্যক্ত করাতে বাঁধা দেওয়ায় ছাত্রলীগ নেতা আবদুল কাদেরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গত ৩ই আগষ্ট দুপুরে দলাল বাজার ইউনিয়ন ও দালাল বাজার ডিগ্রি কলেজ ছাত্রলীগ ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক হৃদয় সাহা, আবদুর রাজ্জাক জিহাদ, দালাল বাজার ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মারুফ হোসেন সুজন, দালাল বাজার ডিগ্রি কলেজের আহবায়ক বেলাল হোসেন অনিক, ছাত্রলীগ নেতা অপু চৌধুরী, আমিনুল ইসলাম রুবেল ও শাহাদাত হোসেন সাগরসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এছাড়াও মানববন্ধনে কলেজের প্রায় দু’শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বক্তারা, কলেজ ছাত্রীকে উত্যক্ত করায় বাধা দেওয়ায় ছাত্রলীগ নেতার ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোরালো দাবি জানান। এছাড়াও মানববন্ধন থেকে ছাত্রলীগ নেতারা জানান, গত ৩০শে জুলাই দালাল বাজার ডিগ্রি কলেজের এক ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগ নেতা আবদুল কাদেরের ওপর হামলা চালায়। এসময় তাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে। আহত আবদুল কাদের দালাল বাজার এন কে উচ্চ বিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি। এ ঘটনায় সদর (পশ্চিম) যুবদলের সভাপতি মহিউদ্দিন বিটু, দালাবাজার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফজলুল করিম টুটুল, ছাত্রদল নেতা রবিউল, ওসমান পাটোয়ারী ও আবদুল পাটোয়ারীকে আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। পুলিশ অভিযান চালিয়ে রবিউলকে গ্রেফতার করেন।
স/এষ্

