জাবি প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রশাসনিক ভবন তৃতীয় দিনের মত অবরোধ করে রেখেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের দায়ের করা মামলা প্রত্যাহার, তদন্ত কমিটি পুনর্গঠনসহ চার দফা দাবিতে গত সোমবার থেকে অফিস সময় চলাকালীন লাগাতার অবরোধের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। অবরোধে ইতোমধ্যেই স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম।
গত দু’দিনের মতো আজও সকাল ৮টা থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছেন। প্রশাসনিক ভবনে বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকর্তা- কর্মচারী প্রবেশ করতে পারেনি।
গত দু’দিন কার্যালয়ে ঢোকার চেষ্টা করলেও আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অন্যান্য কর্তাব্যক্তিদের কেউই কার্যালয়ে আসেননি। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোটের সভাপতি তৌহিদ হাসান শুভ্র বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অবরোধ চলবে।
প্রশাসন মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েও আমাদের সাথে প্রতারণামূলক আচরণ করছেন। দাবি আদায় না হলে আমরা আরও কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হব।’
এর আগে গত ১৫ জুলাই মামলা প্রত্যাহারের দাবিতে কয়েকজন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করলে প্রশাসনের পক্ষ থেকে মামলা নিষ্পত্তির আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আমির হোসেন। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত ২৭ মে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় মহাসড়ক অবরোধ ও উপাচার্যের বাসভবন ভাঙচুরের অভিযোগে ৫৬ শিক্ষার্থীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
একই সাথে ঘটনা তদন্তে প্রশাসন ঘনিষ্ট শিক্ষকদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে। মামলা প্রত্যাহার ও তদন্ত কমিটি পুনর্গঠনেরদাবিতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছেনশিক্ষার্থীরা।
স/এষ্

