বলিউডে যখন চুটিয়ে কাজ করতেন, তখন বহুবার সঞ্জয় দত্তের বিপরীতে নায়িকার ভূমিকায় কাজ করেছেন মনীষা কৈরালা। কিন্তু এবারে তাকেই দেখা যাবে সঞ্জয় দত্তের মায়ের চরিত্রে। রাজ কুমার হিরানির পরিচালনায় সঞ্জয় দত্তের বায়োপিকে অভিনেতার মায়ের অর্থাৎ নার্গিসের ভূমিকায় অভিনয় করতে চলেছেন মনীষা। বহু বছর পর বলিউডে তার এমন কামব্যাক ইতিমধ্যেই সকলের নজর কেড়েছে।
সঞ্জয় দত্তের বায়োপিকে সঞ্জু বাবার ভূমিকায় অভিনয় করবেন রণবীর। আর রণবীরের মায়ের ভূমিকায় দেখা যাবে মনীষাকে। বিষয়টি যে একেবারে অফিসিয়াল, তা জানিয়ে দিয়েছেন খোদ রাজু হিরানি।
জানিয়েছেন, মনীষা খুবই সুন্দরী এবং দক্ষ অভিনেত্রী। নার্গিসের চরিত্রে বহু অভিনেত্রীর কথা মাথায় আসলেও মনীষা নার্গিসের ক্যান্সারে আক্রান্ত দিনযাপনের বিষয়টি বাস্তবিক অনুভব করতে পারবেন। কারণ তিনি নিজেও ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এবং অসুখকে জয় করতে সক্ষম হয়েছেন। তাই নার্গিসের চরিত্র মনীষার মতো করে আর কেউই ফুটিয়ে তুলতে পারবেন না।
অনস্ক্রিন মা-ছেলের ভূমিকায় রণবীর এবং মনীষাকে দেখা যাবে এই প্রথমবার। এখন দেখার অপেক্ষা তাদের এই জুটি দর্শকদের মন জয় করতে পারে কিনা!
স/শা

