ধান বিক্রির বিরোধে রক্তাক্ত পরিণতি: এক মাস মৃত্যুর সঙ্গে লড়ে হার মানল কিশোর
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি ।। যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর বাজারে ধান বিক্রিকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতে গুরুতর আহত এক কিশোর দীর্ঘ এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে।
সোমবার (২২ জুন) সকাল ৭টা ১৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহ নিজ এলাকায় পৌঁছায়নি।
জানা যায়, গত ২৫ মে সকাল আনুমানিক ৯টার দিকে রায়পুর বাজার এলাকায় ধান বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রতিপক্ষের হামলায় পিতা ও পুত্র ছুরিকাঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে আহত কিশোরের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেখানে টানা প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে তার মৃত্যু হয়। কিশোরের মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। একই সঙ্গে এলাকায়ও বিরাজ করছে গভীর শোক ও উদ্বেগ।
ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে স্থানীয় জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

