বাঘারপাড়ায় বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা ভোলা গ্রেফতার
বাঘারপাড়া (যশোর) ।। যশোরের বাঘারপাড়ায় বিস্ফোরক আইনের মামলায় আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী ভোলাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৬ নভেম্বর) সকালে উপজেলার বন্দবিলা ইউনিয়নের তেলীধান্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সাইফুজ্জামান চৌধুরী ভোলা প্রয়াত নুরুজ্জামান চৌধুরী মনুর ছেলে এবং জেলা পরিষদের সাবেক সদস্য। তিনি বর্তমানে বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর বন্দবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সহ-সাংগঠনিক সম্পাদক খোকন লস্কর বাদী হয়ে বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের ৩০৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। মামলায় ভোলা ছিলেন ৫ নম্বর আসামি। অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির ঘোষিত ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি চলাকালে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, “মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। তবে জামিনের মেয়াদ শেষ হলেও নিম্ন আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। সেই পরোয়ানার ভিত্তিতেই আজ সকালে তাকে আটক করা হয়েছে।”