কেশবপুর(যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের বড়েঙ্গা গ্রামে বিনামূল্যে শিশুদের কোরআন শিক্ষা কার্যক্রম উদ্বোধন ও ইসলামী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্যে রাখেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ গ্রহন করবেই। আওয়ামীলীগও আন্তরিক ভাবে চায় বিএনপি নির্বাচনে আসুক। কিন্তু নির্বাচন নিয়ে বিএনপির কোন ষড়যন্ত্র আওয়ামীলীগ মেনে নিবে না। নির্বাচন কমিশনের ঘোষিত বাস্তবসম্মত রোডম্যাপ অনুযায়ী আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।সাবেক সংসদ সদস্য মো. আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আলী খান পাঠান, মসজিদের মুত্তাওয়াল্লি একেএস ওয়াহিদ সাদিক, সাবেক চিত্র নায়িকা শাবানা সাদিক, বাংলাদেশ চ্চলচিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক প্রমুখ। আলোচনা শেষে মন্ত্রী ফিতা কেটে বড়েঙ্গা উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে শিশুদের কোরআন শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন।চিত্র নায়িকা শাবানা বলেন,আমি আপনাদের সহযোগিতা পেলে কাজ করতে চাই। উদ্বোধন অনুষ্ঠান শেষে বড়েঙ্গায় শাবানার নবনির্মিত বাসভবনে শাবানার স্বামী একেএস ওয়াহিদ সাদিক সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, কেশবপুরবাসি চাইলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সদিচ্ছায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে কেশবপুর আসন থেকে তিনি নির্বাচন করবেন।
স/এম

