মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি ।। যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদক ও চোরাই পণ্যসহ প্রকাশ সিকদার (৩৫) ও মোহাম্মদ আব্দুল শহীদ (৪২) নামে এক ভারতীয় নাগরিকসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটক ভারতীয় নাগরিক প্রকাশ সিকদার ভারতের উত্তর চব্বিশ পরগণা জেলার গাইঘাটা থানার চাঁদপাড়া গ্রামের পরিমল সিকদারের ছেলে ও আব্দুস শহীদ যশোরের শার্শা থানার অগ্রভুলাট গ্রামের এবাদুল হকের ছেলে।
লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় বেনাপোল চেকপোস্ট, আমড়াখালি চেকপোস্ট ও পাঁচপীরতলা বিওপি সীমান্ত এলাকা থেকে বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, গোলমরিচ, কালোজিরা, ওষুধ এবং শাড়ি জব্দ করে।
এ সময় ভারতীয় মদসহ প্রকাশ সিকদারকে ও ফেন্সিডিলসহ আব্দুস শহীদকে আটক করা হয়। জব্দকৃত মালামালের মূল্য ৬ লাখ ৬০ হাজার ২০০ টাকা। আটককৃত আসামীসহ মাদকদ্রব্য শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি জানান।