নেত্রকোনা প্রতিনিধি ।। ময়মনসিংহ বিভাগের ২০২৩-২৪ অর্থবছরের পারফরম্যান্স ভিত্তিক উৎসাহমূলক পুরস্কার প্রদান এবং ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায়িক কর্মপরিকল্পনা গ্রহণ বিষয়ক “ব্যবস্থাপক সম্মেলন-২০২৫” নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.) নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান এবং পল্লী সঞ্চয় ব্যাংকের মহাব্যবস্থাপক মোঃ আলা উদ্দিন। সম্মেলনে সভাপতিত্ব করেন পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু।
সম্মেলনে বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে পল্লী সঞ্চয় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাঠ পর্যায়ের কর্মকর্তারা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে এই সাফল্য আরও গতিশীল হবে। ব্যাংকের চলতি অর্থবছরের ব্যবসায়িক কর্মপরিকল্পনা বাস্তবায়নে সবার সমন্বিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগের মনিটরিং কর্মকর্তা ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ মাসুদ রানা, জেলা (আঞ্চলিক) কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, সকল শাখা ব্যবস্থাপক এবং ২০২৩-২৪ অর্থবছরের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত মাঠ পর্যায়ের পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়।