খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি শহরে স্কুলছাত্রীদের উত্যক্ত করার সময় পুলিশের সিসি ক্যামেরায় ধরা পড়েছে এক বখাটে যুবক। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করে এক মাসের জেল দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি মহিলা কলেজের সামনের সড়কে এ ঘটনা ঘটে। দন্ডিত সুজন সিকদার (২২) সদর উপজেলার আগরবাড়ি গ্রামের আফতার আলী সিকদারের ছেলে।
ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এমএম মাহমুদ হাসান ঝালকাঠি সময়কে জানান, ঝালকাঠি শহরের স্কুল-কলেজ, ঈদ মার্টেকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সুপার জোবায়েদুর রহমানের নির্দেশে জেলা পুলিশ সিসি ক্যামেরা স্থাপন করে মনিটরিং করছে। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে আমি অফিসে বসে দেখতে পাই মহিলা কলেজের সামনের সড়কে তিন স্কুল ছাত্রীকে এক যুবক উত্যক্ত করছিল। সাথে সাথে পুলিশ ফোর্স পাঠিয়ে ওই যুবককে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমান আদালতের কাছে সোপর্দ করলে আদালতের হাকিম ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মকবুল হোসেন বখাটে যুবককে এক মাসের জেল দেন।
অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান বলেন, খোঁজ নিয়ে জানাতে পেরেছি দন্ডিত সুজন সিকদার অনেক দিন ধরেই স্কুল-কলেজে যাওয়া আসার সময় মেয়েদের উত্যক্ত করে আসছিল।
স/এষ্

