আমাদের অবস্থার ওপর অনেক প্রভাব ফেলে দিনের আলো, ঘরের মধ্যে কৃত্রিম আলো। আলোর হেরফেরে মন-মেজাজ, কর্মক্ষমতা বদলে যেতে পারে।
মনঃসংযোগ ও সৃজনশীলতার ওপর আলোর প্রভাব সম্পর্কে গবেষণা চালিয়েছে, একদল বিজ্ঞানী। তাদের একজন নিউরোলজিস্ট ড. ভাল্টার-উভে ভাইটব্রেশট মনে করেন, ‘‘রঙের তাপমাত্রা যে আচরণ বা বোঝার ক্ষমতার উপর আদৌ কোনো প্রভাব ফেলে, সেটা সত্যি বিস্ময়কর। অথচ শুরুতে সেটা জানা ছিল না। হয়ত মনে হয়েছিল, শুধু সূর্যের আলো ও কৃত্রিম আলোর মধ্যে পার্থক্য রয়েছে। কিন্তু রঙের তাপমাত্রাও বড় ভূমিকা রাখে।”
অফিসের আলো কি আমাদের কর্মক্ষমতা বাড়িয়ে তুলতে পারে? কোলোনের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ঠিক এই বিষয়টি খতিয়ে দেখছেন। এক ডাক্তার ও এক ইঞ্জিনিয়ার এলইডি আলোর সম্ভাবনা নিয়ে একসঙ্গে গবেষণা করছেন। সেই আলো ঘনিভূত করা যায়, উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করা যায়।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, উষ্ণ সাদা আলোয় সৃজনশীলতার মাত্রা বেশি থাকে। শীতল সাদা আলোয় মনোযোগ, যুক্তিবোধ ভালো কাজ করে। অর্থাৎ জটিল বিষয়বস্তু সংক্রান্ত পরীক্ষায় বসলে শীতল সাদা আলো থাকলেই ভালো। আবার খুব সৃজনশীল হতে চাইলে উষ্ণ সাদা আলোর ব্যবস্থা করতে হবে।
ভবিষ্যতে ইঞ্জিনিয়াররা আলো নিয়ন্ত্রণ করতে আরো উন্নত এক প্রণালী তৈরির পরিকল্পনা নিচ্ছেন তারা কৃত্রিম আলোর সঙ্গে দিনের আলোর মিশ্রণ ঘটিয়ে যে কোনো সময়ে আদর্শ আলোর পরিবেশ সৃষ্টি করতে চান। কাজটা সহজ নয়, কারণ প্রাকৃতিক আলো সারা দিন ধরে বদলাতে থাকে এবং প্রাকৃতিক সাদা আলো অত্যন্ত জটিল এক মিশ্রণ। তাই বিজ্ঞানীরা সবার আগে সবুজ আলো নিয়ে কাজ শুরু করেছেন। সবুজ আশার আলোও বটে।
স/শা

