গৌরীপুরে পূর্ব বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে বড় ভাইয়ের ভাংচুর-লুটপাটের অভিযোগ
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মনসিংহের গৌরীপুরে রামগোপালপুর গ্রামে পারিবারিক পূর্ব বিরোধের জেরে ছোট ভাই শামছুল হকের বাড়িতে রবিবার রাতে দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা করে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে বড় ভাই এনামুল হক বুলবুলের বিরুদ্ধে।

এ ব্যাপারে শামছুল হকের ছেলে আতিক হাসান বাদী হয়ে গৌরীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন যাবত পারিবারিক বিরোধ চলে আসছে। ঘটনার দিন রাত ৮টায় বাড়িতে পুরুষ লোক কেউ না থাকায় এ সুযোগে বিমানবাহিনীতে কর্মরত এনামুলের বড় ছেলে মারুফ আহমেদ রুমন (৩৫), ছোট ছেলে রবিউল হাসান সোহান (৩০), এনামুলের স্ত্রী মমতাজ বেগম ও এনামুল হক নিজে শামছুল হকের বাড়িতে হামলা চালায়। এসময় হামলাকারীরা তার বড় ছেলে ফ্রান্স প্রবাসী আব্দুল আল মামুনের স্ত্রী নাছিমা বেগমকে (২৫) মারধোর করে। তারা বসত ঘর, রান্না ঘর ও বাথরুমে ব্যাপক ভাংচুর চালায় এবং ওয়ারড্রবে থাকা ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায়।
হামলা ও ভাংচুরের কথা স্বীকার করলেও স্বর্ণালংকার ও নগদ টাকা নেয়ার কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন এনামুল হক বুলবুল। তিনি জানান- তাদের বাবা মৃত আব্দুল হামিদ বড় বোন রেজিয়াকে ৪১ শতক জমি লিখে দিয়েছিলেন। সেই জমি শামছুল হক জালিয়াতি করে নিজের নামে করে নিয়েছে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছে। সম্প্রতি তিনি একটি ঘর মেরামতের কাজে হাত দিয়েছেন, সেই ঘর শামছুল হকের ছেলেরা ভেঙে দিয়েছে, তারই জবাবে তাঁরা এ হামলা করেছেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মাযহারুল আনোয়ার বলেন- অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্তপূর্বক যথাযথ ব্যাবস্থা নেয়া হবে।

