যৌতুকের জন্য মারধরের অভিযোগে ক্রিকেটার আরাফাত সানি ও তার মা নার্গিস আক্তারের বিরুদ্ধে দায়ের করা মামলা এজাহার হিসেবে অন্তর্ভুক্ত করেছে মোহাম্মদপুর থানা।
বুধবার মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দীন মীর মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করে ঢাকার মুখ্য মহানগর আদালতে (সিএমএম) নথি পাঠান।
ঢাকা মহানগর হাকিম কামরুল হাসান মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ মার্চ দিন ধার্য করেছেন।
মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর বলেন, আরাফাত সানি ও তার মা নার্গিস আক্তারের বিরুদ্ধে মামলাটি আদালত এজাহার হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন। আদালতের নির্দেশে বুধবার মামলাটি রেকর্ড করা হয়েছে।
গত ১ ফেব্রুয়ারি ঢাকার ৪ নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যৌতুকের জন্য মারধরের অভিযোগে ক্রিকেটার আরাফাত সানি ও মা নার্গিস আক্তারের বিরুদ্ধে তৃতীয় মামলা করেন তার স্ত্রী দাবিদার নাসরিন সুলতানা।
এরপর আদালত মামলাটি এজাহার হিসেবে নেওয়ার জন্য মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন।
গত ২২ জানুয়ারি রাজধানীর আমিনবাজার এলাকা থেকে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা প্রথম মামলায় আরাফাত সানিকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। আরাফাত সানিকে গ্রেফতারের পরের দিন ২৩ জানুয়ারি যৌতুক আইনে দ্বিতীয় মামলাটি করেন নাসরিন সুলতানা।
স/শা

