ধামরাই (ঢাকা) থেকে মো. মাসুদ সরদার : ঢাকার ধামরাইয়ে এক ইউপি সদস্যের উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে বেধরক মারধর করে হাত ও পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ। চিকিৎসার জন্য ইউপি সদস্যকে প্রথমে ধামরাই সরকারী হাসপাতালে পরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে গতকাল রবিবার সকালের দিকে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, উপজেলার নান্নার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দুইবারের নির্বাচিত সদস্য নূরুল ইসলাম ঠান্ডু ফেরাজীর সাথে একই গ্রামের মোল্লা পরিবারের লোকজনের নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরমধ্যে গেল শনিবার রাত ১১টার দিকে ইলিম মিয়া নামের এক ব্যক্তি তাকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নেয়। তারপরই আলম মোল্লার নেতৃত্বে ৮/১০জন দেশীয় অস্ত্র নিয়ে ওই ইউপি সদস্যের উপর হামলা চালায়। একপর্যায়ে তাকে বেধরক মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম করে হাত পা ভেঙ্গে দেয়। পরে প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এব্যাপারে ইউপি সদস্যের ছোট ভাই আবুল হোসেন ৯জনকে আসামী করে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেন। এব্যাপারে নান্নার ইউপি চেয়ারম্যান আলতাফ হোসে মোল্লা বলেন, অন্যায়ভাবে ওই সদস্যের উপর হামলা করেছে এর শাস্তি হওয়া উচিৎ।
স/এষ্

