গৌরীপুরে পুলিশের ওপর হামলার মামলায় বিএনপি নেতা হিরন গ্রেফতার
ময়মনসিংহ বিভাগীয় প্রধান ।। ময়মনসিংহের গৌরীপুরে কোটা বিরোধী আন্দোলনের নামে পুলিশের উপর হামলার মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপি’র আহবায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপির স্থানীয় নেতা-কর্মীসহ ৬৬৪ জনকে এ মামলায় আসামী করা হয়। এ মামলায় মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গৌরীপুর থানার এস আই মোঃ অনিক ইসলাম বাদী হয়ে রবিবার (২১ জুলাই) এ মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে- গত শনিবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে স্থানীয় কলতাপাড়া বাজার এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচলে বাঁধা সৃষ্টি করে কোটা বিরোধী আন্দোলনের নামে সশস্ত্র অবস্থায় সরকার বিরোধী স্লোগান দিচ্ছিলেন আসামীরা।
খবর পেয়ে গৌরীপুর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধকারীদের রাস্তা ছেড়ে দেয়ার অনুরোধ করলে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর বেপারোয়া ভাব সশস্ত্র হামলা চালায়।
একপর্যায়ে হামলাকারীরা গৌরীপুর থানার সাবেক ওসি সুমন চন্দ্র রায়ের ডান পায়ের উরুতে গুলিবিদ্ধ করে তাকে রক্তাত্ব জখম করে। এ হামলায় প্রায় ১৩ জন পুলিশ সদস্য গুরুতর আহত হন।
সেই মামলায় ২৬ জুলাই (শুক্রবার) গভীর রাতে গৌরীপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিএনপি নেতা আহাম্মদ তায়েবুর রহমান হিরনকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন বলেন, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।
স/বি
