তাপস কুমার, নাটোর: ৬০ হাজার মেট্রিক টন আম কেনার লক্ষ্যমাত্রা নিয়ে নাটোরে প্রাণ এগ্রো লিমিটেডের ফ্যাক্টরীতে আম সংগ্রহ ও পাল্পিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নাটোরের একডালা এলাকায় প্রাণ এগ্রো লিমিটেডের ‘মান ভবনে’ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করা হয়। এ সময় সভায় প্রাণ এগ্রো লিমিটেডের কারখানার ডেপুটি ম্যানেজার হযরত আলী জানান, চলতি মওসুমে গত ১৯ মে থেকে আম সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে। এ কার্যক্রম চলবে আমের সরবরাহ থাকা পর্যন্ত। আগে দেশের বিপুল পরিমান আম পচে নষ্ট হয়ে যেত কিন্তু প্রাণ কোম্পানী আম ক্রয় করার ফলে এখন আর আম নষ্ট হয়না। এতে করে দেশের আর্থ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এই কার্যক্রম গুরুত্বপুর্ন ভুমিকা রাখছে। নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, দিনাজপুর এবং সাতক্ষীরার প্রাণ এর প্রায় ১৮ হাজার চুক্তিবদ্ধ আম চাষীর কাছ থেকে ৬০ হাজার মেট্রিক টন আম সংগ্রহ করা হবে। প্রাণ এর কৃষি হাবের মাধ্যমে আম চাষীদের স্বল্পমূল্যে উন্নত জাতের আমের চারা প্রদান, সার, কীটনাশক ব্যবহার, রোপন প্রক্রিয়া, ও গাছ থেকে আম সংগ্রহ সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে বলেও জানান প্রাণের কর্মকর্তারা। এছাড়া এবার আম চাষীদের মাঝে বিনামূল্যে প্রায় ৫০ হাজার আমের চারা বিতরণ করা হবে। মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাণের মিডিয়া উইংয়ের প্রধান সুজন মাহমুদ, কন্ট্রাক্ট ফার্মিং বিভাগের সিনিয়র ম্যানেজার মোঃ কামরুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সভা শেষে ফ্যাক্টরিতে আম থেকে পাল্প সংগ্রহ প্রক্রিয়া পরিদর্শনে যান প্রাণের কর্মকর্তা ও সংবাদ কর্মিরা। তার প্রজেক্টরের মাধ্যমে পাল্পিং কার্যক্রম প্রদর্শন করা হয়।
স/এষ্

