শুক্রবার সন্ধ্যায় ঘিরে রাখা সাভারের নামোগেন্ডায় সন্দেহভাজন জঙ্গি আস্তানা থেকে এক নারী আটক করা হয়েছে। এসময় দুই শিশুকেও উদ্ধার করে পুলিশ।
সাভার মডেল থানার জ্যৈষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ৫তলা ভবন থেকে এক নারীকে আটক ও শিশুকে উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
তবে দুই জঙ্গি জানালার গ্রিল কেটে পালিয়ে গেছে বলে দাবি করেছেন এ পুলিশ কর্মকর্তা।
এর আগে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানিয়েছিলেন, সন্ধ্যায় বাড়িটি ঘিরে ফেলা হয়েছে। ভবনটির নিচতলায় সন্দেহভাজন জঙ্গিরা রয়েছে বলে জানা গেছে। তল্লাশি শুরু করা হয়েছে।
ভেতরে কতজন ‘জঙ্গি’ বা কী পরিমাণ বিস্ফোরক রয়েছে তা এখনো জানা যায়নি।
গেল বছর গুলশানে জঙ্গি হামলার পর সারাদেশের বিভিন্ন স্থানেই জঙ্গিবিরোধী অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব অভিযানে প্রায় ৭০ জন ‘জঙ্গি’ নিহত হয়েছেন।

