ভাঙ্গায় মাইক্রোবাস বিস্ফোরণে নিহত বেড়ে-৭
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে দুই শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে ৭জন। এতে চালক গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ শনিবার (২৪ জুন) সকাল ১১ টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় একটি ফ্লাইওভারে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, একটি দ্রুতগামী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে সাথে ধাক্কা লেগে মুহূর্তে আগুন ধরে যায় মাইক্রোবাসে। এতে অগ্নিদগ্ধ হয়ে মাইক্রোবাসে থাকা তিনজন মহিলা, দুই শিশু ও দুইজন পুরুষ মারা গেছে। তবে, গাড়ির চালক গুরুতর আহতবস্থায় হাসপাতালে ভর্তি আছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ কাজ করেছে। নিহতদের পরিচয় পাওয়া গেলে আপনাদের জানানো হবে।
তিনি আরও বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করেছে।

