ফরিদপুরে ২৮টি চোরাই মোবাইল সহ চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার
সালথা (ফরিদপুর) প্রতিনিধি।।ফরিদপুরের নগরকান্দায় ২৮টি চোরাই মোবাইল সহ চোর চক্রের সক্রিয় ৬ সদস্যকে গ্রেফতার করেছে নগরকান্দা থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২৮টি মোবাইল, ৩টি ল্যাপটপ ও ফোনের আইএমই নম্বর পরিবর্তনকারী ৪টি সফটওয়ার ডিভাইস উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আসামীরা বিভিন্ন এলাকা থেকে চোরাই মোবাইল সংগ্রহ করে তাতে বিভিন্ন ধরনের সফটওয়ারের মাধ্যমে আইএমই নম্বর পরিবর্তন করে সাধারন মানুষের কাছে বিক্রয় করতো। এমন খবরে পুলিশ শুক্রবার (২৬ মে) বিকালে উপজেলার রামনগর ইউনিয়নের গজারিয়া বাজারে মোবাইল সার্ভিসিং এর দোকানে অভিযান চালায়। এসময় চোর চক্রের সক্রিয় ৬ সদস্যকে গ্রেফতার করে। শনিবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গোপীনাথপুর এলাকার পিরু শেখের ছেলে সুরমান শেখ (৩৪), হারুন শেখের ছেলে রুহুল আমিন শেখ (২২), এনায়েত বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস (২৪), সামু শেখের ছেলে শাহিন শেখ (১৮), গোপালপুর গ্রামের আকতার শেখের ছেলে আল আমিন শেখ (২০) এবং কৃষ্ণারডাঙ্গী গ্রামের মোকসেদ প্রামাণিকের ছেলে মেহেদী প্রামাণিক (১৯)।
এ বিষয়ে নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, চোর চক্রটি বিভিন্ন এলাকা থেকে চোরাই মোবাইল সংগ্রহ করে অভিনব কায়দায় ফোনের আইএমই নম্বর পরিবর্তন করে সাধারন মানুষের কাছে বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৮টি চোরাই মোবাইল সহ চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

