ঢাকাবুধবার , ২৪ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নাগেশ্বরীতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে অর্থ বাণিজ্যের অভিযোগে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সমাবেশ

admin
মে ২৪, ২০১৭ ১২:০৬ অপরাহ্ণ
Link Copied!

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম: 
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির অর্থ বাণিজ্যের অভিযোগ এবং প্রকাশিত তালিকার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে মুক্তিযোদ্ধারা। বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয় মাঠে এ সভা করে তারা। সভায় অভিযোগ করা হয় নতুন তালিকায় রাজাকার, আলবদর, আলশামস, তৎকালীন মুসলীমলীগ ও জামায়াতী ইসলামীসহ স্বাধীনতা বিরোধীদের নাম টাকার বিনিময়ে অন্তর্ভূক্ত করেছে যাচাই কমিটি।
সমাবেশে বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান বীরবলের সভাপতিত্বে উপজেলা কমান্ডের ডিপুটি কমান্ডার মতিযার রহমান নান্টু, পৌর কমান্ডার নুর মোহাম্মদ নুরু, বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন, হযরত আলী, নওশাদ হোসেন, এটিএম আজাদ আলী, মতিয়ার রহমান মতি ও সন্তোষপুর ইউনিয়ন কমান্ডার আব্দুল খালেকসহ অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করেন, সদ্য প্রকাশিত তালিকায় হাতে গোনা কয়েকজন ছাড়া অধিকাংশই স্বাধীনতা বিরোধী ছিলেন। অনেকে মুক্তিযুদ্ধকালীন শিশু ছিলেন। মোটা অংকের টাকা নিয়ে যাচাই-বাছাই কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা কেন্দ্রিয় কমান্ড কাউন্সিলের সহ-সাংগাঠনিক সম্পাদক ওসমান গণি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর সরকারসহ সংশ্লিষ্ট কয়েকজন নাম অন্তর্ভূক্ত করেন বলেও অভিযোগ করেন তারা। এ কাজে জড়িতদের প্রতি ঘৃণা প্রকাশ করে তাদের শাস্তি দাবী করেন। একই সাথে তালিকা সংশোধন করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভূক্ত করতে সংশ্লিস্ট কর্তৃপক্ষের প্রতি আবেদন জানান বক্তারা। এক পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমতুল্লাহ বিক্ষোভকারীদের সাথে কথা বলে প্রকাশিত তালিকায় কারো বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা লিখিতভাবে জানালে জামুকায় পাঠানোর আশ্বাস দেন।
তবে মুক্তিযোদ্ধা যাচাইয়ে টাকা লেনদেনের বিষয়টি সঠিক নয় বলে দাবী করে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর সরকার বলেন সরকারি নির্দেশনা মতো যাচাই-বাছাই শেষে তালিকা করা হয়েছে। আমাদের বিরুদ্ধে যারা সন্দেহের আঙ্গুল তুলেছে তাদের বিরুদ্ধে খুব শীঘ্রই নতুন, পুরাতন মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডকে সাথে নিয়ে আমরাও সমাবেশ করব। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমতুল্লাহ জানান, হাজারেরও বেশি আবেদনকারীর মধ্যে যাচাই করে ২শ’ ২৪ জনের নাম তালিকায় উঠেছে। বাকীদের চাওয়া থাকতে পারে। এর জন্য উর্দ্ধতন কমিটি ‘জামুকা’ আছে। সেখানে আবেদন বা অভিযোগ করতে পারবে।
এ বিষয়ে কথা বলতে উপজেলা যাচাই-বাছাই কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা কেন্দ্রিয় কমান্ড কাউন্সিলের সহ-সাংগাঠনিক সম্পাদক ওসমান গণির মুঠোফোন (০১৭৩১৩০৩১০০) নম্বরে একাধিকবার কল করলেও রিসিভ হয়নি।
প্রসঙ্গত, গত ২১ মে নাগেশ্বরী উপজেলার দুইশ’ ২৪ জন নতুন মুক্তিযোদ্ধার নামের তালিকা প্রকাশ করা হয়। ওইদিন মুক্তিযোদ্ধাদের এক অংশ দেয়ালে লাগানো তালিকা ছিড়ে ফেলেন। এর আগে ১৮ জানুয়ারী থেকে যাচাই-বাছাই শুরু হয়। শেষে ২০ মে ফলাফল প্রকাশ করে সংশ্লিষ্ট কমিটি। শুরু থেকে যাচাই-বাছাই নিয়ে অনেক কথা ওঠে মুক্তিযোদ্ধাদের মধ্যে।

স/এষ্