সাতক্ষীরা কলারোয়ায় অস্ত্রসহ তিন যুবককে আটক করেছে থানা পুলিশ। রোববার ভোর রাতের দিকে অভিযান চালিয়ে গোপিনাথপুর মাছের ঘেরের একটি ঘর থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো পৌরসদরের গোপিনাথপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে কবিরুল ইসলাম (৩৪) গোপাল পোদ্দারের ছেলে সুমন কুমার পোদ্দার (২৩) ও মুরারীকাটি গ্রামের আজিজ মোল্যার ছেলে আশরাফুজ্জামান বাবু (৩৯)। থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন যে গোপিনাথপুর গ্রামের গোপী মন্ডলের মাছের ঘেরের পরিত্যাক্ত ঘরে কয়েকজন যুবক অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল। এসময় তার নেতৃত্বে অভিযান চালিয়ে একটি সচল আগ্নেয়াস্ত্র (ওয়ানগান শুটার) উদ্ধারসহ তিন যুবককে আটক করা হয়। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ জানান এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা (নং-১৩) দায়ের করেছে এবং আটক ব্যক্তিদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা যায়।
স/শা

