ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহের কালীগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪০ জন বাস যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বৈশাখী তেল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। বাসটি বেপরোয়া গতিতে যশোর থেকে চুয়াডাঙ্গা উদ্দেশ্যে যাবার পথে কালীগঞ্জের বৈশাখী তেলপাম্পের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা মারে। এতে বাসটি চুর্ণবিচুর্ণ হয়ে যায়। সে সময় ওই বাসে থাকা সকল যাত্রীই আহত হয়। আহতদের মধ্যে ২৩ জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ১০ জনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকিদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানাগেছে।
কালীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানাগেছে, যশোর থেকে চুয়াডাঙ্গা যাবার পথে বেপরোয়া গতিতে আসা শাপলা পরিবহনের একটি বাস ( পাবনা জ ১১-০০৭৮) নিয়ন্ত্রণ হারিয়ে বৈশাখী তেলপাম্পের কাছে একটি গাছের সাথে ধাক্কা মারে। এতে বাসটি চুর্ণবিচুর্ণ হয়ে ৪০ জনের মত যাত্রী আহত হয়। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশাংকাজনক হওয়ায় তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের ঝিনাইদহ ও কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ৩৩ জন যাত্রী আহত হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তাদের যশোর, ঝিনাইদহ ও কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার হাসপাতালে ছুটে যান। সেখানে ২ টি এ্যাম্বুলেন্সের মধ্যে একটিতে ড্রাইভার না থাকায় তিনি নিজেই এ্যাম্বুলেন্স চালিয়ে মুমুর্ষ রোগিদের নিয়ে যশোর হাসপাতালে দিকে রওনা হন। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমান ঘটনার খবর কালীগঞ্জ হাসপাতালে গিয়ে আহত রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন।
স/এষ্

