আটপাড়ায় সদস্য পদে জমে উঠেছে
জেলা পরিষদ নির্বাচন
আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ: আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি ইউনিয়নের ভোটারদের সাথে প্রার্থীরা যোগাযোগ অব্যাহত রেখেছেন। তারা বিভিন্ন হাটে-বাজারে ঘুরে ঘুরে প্রার্থীদের নিজ নিজ অবস্থান জানান দিয়ে যাচ্ছেন।
আটপাড়া উপজেলার ৭টি ইউনিয়ন ও উপজেলা পরিষদসহ মোট ভোট সংখ্যা ৯৪টি। আটপাড়া উপজেলা থেকে সদস্য পদে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছে।
তাদের মধ্যে শুনই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: ছানোয়ার উদ্দিন ছানু, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, আটপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি, মহান স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মো: জহিরুল ইসলাম খান হীরা, তেলিগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ.টি.এম শহীদুজ্জামান হেলিম ও সাবেক জেলা পরিষদ সদস্য মো: সুমন খান।
জেলা পরিষদ নির্বাচনের ভোটারদের সাথে কথা বললে জানা যায়, প্রার্থীদের মধ্যে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে মো: ছানোয়ার উদ্দিন ছানুর এলাকার সুপরিচিত ব্যক্তি হিসেবে সকলের নিকট গ্রহণযোগ্যতা রয়েছে।
অপর দিকে মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ পরিবারের সন্তান মো: জহিরুল ইসলাম খান হীরা বর্তমান শুনই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রোকন-উ-জ্জামান রোকনের ভাই ও দুওজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: সাইদুল হক তালুকদার ভগ্নিপতি ও আওয়ামী লীগের দুঃসময়ের কারা নির্যাতিত ব্যক্তি হওয়ার সুবাদে ভোটের হিসাবে তারও একটা শক্ত অবস্থান রয়েছে।
এছাড়া গত জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে এ.টি.এম শহীদুজ্জামান হেলিম প্রতিদ্বন্দ্বিতা করায় ভোটাররা তার পাশে থাকার প্রত্যাশা দেখাচ্ছেন।
জেলা পরিষদের সাবেক সদস্য সুমন খান গত নির্বাচনে ব্যাপক ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয় লাভ করেন। সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করায় এবং সাধারণ মানুষের পাশে থেকে জনসেবায় অংশগ্রহণ করার ফলে একজন ক্লিন ইমেজের ব্যক্তি হিসেবে ভোটারদের নিকট গ্রহণযোগ্যতা রয়েছে।
স/বি

