সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের ইন্তেকাল
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় বেলা ১১ টার দিকে তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানান, মাহবুব তালুকদার ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। দুপুর ১ টার দিকে উক্ত হাসপাতালেই তিনি মারা যান।
মাহবুব তালুকদার দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মাহবুব তালুকদারের ৩ সন্তান। মেয়ে ডাঃ আইরিন মাহবুব বাবা- মা’র সাথেই থাকেন। ১ সন্তান আমেরিকায় এবং ১ সন্তান কানাডায় বসবাস করেন। মাহবুব তালুকদারের পৈতৃক নিবাস নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের হাফানিয়া গ্রামে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় তিনি সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে অতিরিক্ত সচিব হিসেবে তিনি অবসরে যান। ২০১৭ সালে ১৫ ফেব্রুয়ারিতে মাহবুব তালুকদারকে এম নূরুল হুদার নেতৃত্বে গঠিত ৫ সদস্যের বাংলাদেশ নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রাস্ট্রপতি আব্দুল হামিদ কর্তৃক নিয়োগ পান। দায়িত্ব পালনকালে ভোটে অনিয়ম ও কারচুপি ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরে বক্তব্য রাখায় আলোচনায় ছিলেন তিঁনি।
মাহবুব তালুকদার চাকরি জীবনের অভিজ্ঞতা নিয়ে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ বই লিখেছেন। তিঁনি শুধু সাবেক সরকারি কর্মকর্তা ও নির্বাচন কমিশনারই নন, তিনি বাংলা ভাষার গুরুত্বপূর্ণ একজন লেখকও। বঙ্গভবনে পাঁচ বছর, আমলার আমলনামা, বধ্যভূমি, চার রাজাকার কবিতা সমগ্র তাঁর উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ। তিঁনি ২০১২ সালে বাংলা একাডেমির পুরস্কার পান।
স/বি

