ঘরে ঘরে ডায়রিয়া ও জ্বরে নাকাল কেন্দুয়াবাসি
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি- বন্যার পানি চলে যাওয়ার পর থেকে পানি বাহিত রোগ ডায়রিয়া এবং ঘরে ঘরে ভাইরাস জ্বরের প্রকোপে নাকাল কেন্দুয়া উপজেলা বাসি। ঈদুল আযহার আগে থেকে শুরু হওয়া ডায়রিয়া এবং ভাইরাস জ্বরে মানুষ আক্রান্ত হচ্ছে প্রতিদিন। জ্বরে আক্রান্তরা জানান, হঠাৎ সর্দি-কাশি, শরীর ব্যথা, গলা ব্যথা, নাক দিয়ে পানি পড়া ইত্যাদি উপশম দেখা দেয়। এতে এক অসহনীয় অবস্থা চলতে থাকে।
তারা আরও জানান, প্রায় প্রত্যেকের ঘরেই এখন ভাইরাস জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত রোগী রয়েছে। বুধবার (১৩ জুলাই) কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়া দেখা যায়, ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত অনেক রোগী ভর্তি আছেন।
ভর্তিকৃত মঞ্জিলা, সিরাজ মিয়া, আবু বক্কর, নাছিমা এবং আনোয়ারা জানান, তারা ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার মাশরুফ ওয়াহিদ এই প্রতিবেদককে জানান, ইনফ্লুয়েঞ্জা জ্বরের এই ভাইরাসটি উপজেলার সর্বত্র ছড়িয়ে পড়েছে। তাছাড়া ডায়রিয়ার প্রকোপও ব্যাপক। প্রতিদিন ২০/৩০ জন ডায়রিয়া ও জ্বরের রোগী চিকিৎসা নিচ্ছেন।
গড়ে ৬০ পার্সেন্ট জ্বর ও ৩৫ পার্সেন্ট ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন মানুষ। তিনি পরামর্শ দিয়ে বলেন, প্রচুর পানি, স্যালাইন ও তরল খাবার খেতে হবে। বাশি পঁচা বা বাহিরের খাবার বর্জন করতে হবে। জ্বরে আক্রান্তদের ৩দিনের বেশি হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে এন্টিবায়োটিক খেতে হবে।
স/বি

