চলে গেলেন নেত্রকোনা সদর উপজেলার চেয়ারম্যান
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ বুধবার (১৩ জুলাই) বিকাল ৪ টা ৫ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহে মৃত্যুবরণ করেন নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং দুইবারের নির্বাচিত সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান। তিনি পূর্বধলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক এবং নেত্রকোনা জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। এছাড়াও তিনি একজন শিক্ষানুরাগী হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
বৃহস্পতিবার (১৪ জুলাই) শহরের মোক্তারপাড়া মাঠে তাঁর ১ম নামাজের জানাযা এবং দুপুর ১২ টায় নিজ গ্রাম সদর উপজেলার মেদনীতে ২য় নামাজের জানাযা অনুষ্ঠিত হবে এবং সেখানে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
তাঁর স্ত্রী অধ্যাপক রওশন আখতার নেত্রকোনা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যাপক ছিলেন এবং ছেলে মারুফ হাসান খান অভ্র নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। তিনি এক স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মতিয়র রহমান খান, জেলা পরিষদের প্রশাসক বাবু প্রশান্ত কুমার রায়, নেত্রকোনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াহেদ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, নেত্রকোনা জেলার অন্যান্য সকল উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন ও দপ্তর গভীর শোক প্রকাশ করেছে।
স/বি

