কেন্দুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি – এবারের বন্যায় নেত্রকোনার কেন্দুয়ার বেশ কয়েকটি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার বানভাসিদের মাঝে সরকারী ও বেসরকারী বিভিন্ন সংস্থা, সংগঠন ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
এছাড়া কৃষি নির্ভর এলাকার কৃষি ক্ষতির তালিকা করেছেন উপজেলা কৃষি অফিস। তারা সরকারি প্রনোদানাসহ বিভিন্ন সহায়তার চেষ্টা চালাচ্ছেন বলে কৃষি অফিস সূত্র জানিয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার (৫ জুলাই) কথা হয় কেন্দুয়া উপজেলা কৃষি কর্মকর্তা একে এম শাহজাহান কবিরের সঙ্গে। তিনি জানান, এ বারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সবজি চাষের। উপজেলায় আমাদের সবজি চাষের লক্ষ্যমাত্রা ছিল ৭শ ৫০ হেক্টর। তার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ২শ হেক্টর। এতে ক্ষতি হয়েছে ৪ কোটি ৩৭ লক্ষ টাকার। এছাড়া আউশধান চাষের লক্ষ্যমাত্রা ছিল ৪শ হেক্টর। ক্ষতি হয়েছে ১শ হেক্টর। এতে ১ কোটি ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল ৫শ হেক্টর। আবাদ হয়েছিল ৫শ ৫০ হেক্টর। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫ হেক্টর। টাকার পরিমাণ আড়াই লক্ষাধীক হবে।
তিনি জানান, ইতিমধ্যে আমরা কৃষক তালিকা করে পাঠিয়েছি। যদি প্রণোদনা বা অন্যকোন সহায়তা আসে কৃষকদের মাঝে তা দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়ানোর জন্য আমরা তাদের সাথে যোগাযোগ রাখছি এবং পরামর্শ দিয়ে যাচ্ছি। আশা করি কৃষকরা ঘুরে দাঁড়াবেন।
স/বি

