ধামরাই (ঢাকা) থেকে মাসুদ সরদার
ঢাকার ধামরাই উপজেলার ৭৪১জন সঠিক মুক্তিযোদ্ধার নামের তালিকা প্রকাশ করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি। সর্বসম্মতিক্রমে ভূয়া মুক্তিযোদ্ধাদেরও বাদ দেওয়া হয়েছে এবং প্রতিবেদন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রানালয়ে জমা দেওয়া হয়েছে বলে জানান যাচাই বাছাই কমিটি সভাপতি স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক।
গত রবিবার যাচাই বাছাই কমিটির স্বাক্ষরিত ৭৪১ জন সঠিক মুক্তিযোদ্ধার নামের তালিকা উপজেলা পরিষদ অফিসের সামনে টানিয়ে দেওয়া হয়।
জানা গেছে, ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই করার জন্য গত ১৯শে জানুয়ারী ১৭ইং সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রানালয়। এতে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ মালেককে সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম কে সদস্য সচিব করা হয়।
আবেদনকৃত তালিকা থেকে যাচাই বাছাই কমিটি সর্বসম্মতিক্রমে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন সাকুসহ ৮৮ জন ভূয়া মুক্তিযোদ্ধার নাম তালিকা থেকে বাদ দেয়। এরমধ্যে ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি আবু সাঈদ মিয়ার নাম্বারের উপর ষ্ট্যাম্পিং করে মুক্তিযোদ্ধা হওয়ার চেষ্টা করা রাজাপুর গ্রামের মৃত আঃ করিম খানকেও বাদ দিয়েছে যাচাই বাছাই কমিটি। উল্লেখ্য ইতিপূর্বে ৫৮৮ জন মুক্তিযোদ্ধা ভাতা পেতেন।
স/এষ্

