পর্যটনকেন্দ্র জাফলংয়ে প্রবেশ ফি নিয়ে সংঘর্ষ
দুই নারীসহ ৫ পর্যটক আহত
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:- সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে প্রবেশ ফি নিয়ে কাউন্টারের কর্মী ও বেড়াতে আসা পর্যটকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই নারীসহ ৫ জন পর্যটক আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে জাফলংয়ের সংগ্রাম বিজিবি ক্যাম্প সংলগ্ন প্রবেশ কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।
আহত পর্যটকরা হলেন, ঢাকার শ্যামপুরের জুরাইন এলাকার বাসিন্দা সম্রাট ও তার মা ঝর্ণা রাণী, সুমন সরকার ও তার বাবা সনাতন সরকার এবং সুমন সরকারের ভাগনি অথৈ। এ ঘটনায় পাঁচজন কাউন্টার কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন, কাউন্টার কর্মী ও গোয়াইনঘাট উপজেলার পূর্ণা গ্রামের রাখাল চন্দ্র দাসের ছেলে লক্ষ্মণ চন্দ্র দাস ও ইসলামপুর রাধানগরের বাবুল মিয়ার ছেলে সেলিম আহমেদ, একই এলাকার সিরাজ মিয়ার ছেলে জয়নাল আবেদীন, নয়াবস্তি গ্রামের ইউসুফ মিয়ার ছেলে সোহেল রানা এবং পশ্চিম কালী নগর গ্রামের আব্দুল কাদিরের ছেলে নাজিম উদ্দিন।
স্থানীয় ও ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ঢাকার শ্যামপুরের জুরাইন এলাকা থেকে সুমন ও তার আত্মীয় স্বজন মিলে ১২ জন পর্যটক জাফলংয়ে বেড়াতে আসেন। দুপুরের দিকে তারা জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় যাওয়ার জন্য সংগ্রাম বিজিবি ক্যাম্প সংলগ্ন প্রবেশ মুখের কাউন্টারের সামনে যান। এ সময় কাউন্টারে দায়িত্বরত কর্মীরা তাদের কাছে প্রবেশ ফি বাবদ ১০ টাকা করে দাবী করে। তখন তারা টাকা দিতে খানিকটা কালক্ষেপণ করলে কাউন্টারে দায়িত্বরত কর্মীরা ক্ষিপ্ত হয়ে সেলিম ও লক্ষণসহ কয়েকজন মিলে তাদেরকে লাঠি দিয়ে বেধরক মারপিট করে। এ সময় সম্রাট ও তার মা এবং সুমন ও তার বাবা এবং ভাগনিসহ ৫ জন পর্যটক আহত হন।
এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশ জাফলং জোনের ইনচার্জ (ওসি) মো. রতন শেখ জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে প্রথমে দুইজনকে এবং পরে আরও ৩জন মোট ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় পাঠানো হয়েছে।
গোয়াইনঘাটের ইউএনও মো. তাহমিলুর রহমান জানান, পর্যটনকেন্দ্রে প্রবেশ ফি নিয়ে পর্যটক এবং কাউন্টার কর্মীদের মাঝে ভুল বুঝাবুঝি কারণে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গেছে। যা খুবই দুঃখজনক। এ ঘটনায় জড়িত কাউন্টার কর্মীদের তাৎক্ষণিক ভাবে বরখাস্ত এবং থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
স/বি

