বদলগাছীতে ছোট যমুনার বুকে বালু দস্যুদের হানা
“ঝুঁকির মুখে আবাসন প্রকল্প ও ফসলের মাঠ”
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে ছোট যমুনা নদীর অভ্যন্তরে অবাধে চলছে মাটি বিক্রির অবৈধ ব্যবসা। এতে ঝুঁকির মুখে পড়ছে আবাসন প্রকল্প ও ফসলের মাঠ। স্থানীয় প্রশাসন বলছে, ওই স্থান থেকে কোনভাবেই বালু উত্তোলন করতে পারেন না। বিষয়টি খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নওগাঁর বদলগাছী উপজেলার মধ্যদিয়ে প্রবাহিত ছোট যমুনা এ নদীটি। খরা মৌসুমে পানি না থাকলেও বর্ষায় পানিতে নদীটি রূপ নেয় ভয়াবহ। এ মৌসুমে নদীটির পানি শুকিয়ে যাওয়ায় একটি প্রভাবশালী চক্র নদীর বুক থেকে অবৈধভাবে তুলছেন বালু ও মাটি। ছোট যমুনার বুকে হানা দিয়েছে বালু ও মাটি দস্যুরা।
উপজেলার মথুরাপুর ইউনিয়নের লালুকাবাড়ি নামক স্থানে নদীর চিড়ে এক্সক্যাভেটর দিয়ে অবৈধ ভাবে চরের ফসলি জমি থেকে বালু ও মাটি তোলা হচ্ছে ১০ থেকে ১৫ ফুট গভীর করে। এতে করে পরিবর্তিত হচ্ছে নদীর গতিপথ।তীর থেকে যমুনার মধ্য পর্যন্ত জেগে ওঠা চর এখন তাদের দখলে।
উক্ত স্থান বালু মহালের ইজারাভুক্ত না থাকলেও প্রভাবশালী চক্রটি বেশ কিছুদিন ধরে নদী অভ্যন্তরে গড়ে তুলেছেন বালু ও মাটি বেচাকেনার অবৈধ ব্যবসা। এতে হুমকির মুখে পড়েছে নদীসংলগ্ন আবাসন প্রকল্প ও ফসলের মাঠ।এ যেন বালু ও মাটি ব্যবসায়ীদের অভয়ারণ্য। ছোট যমুনা নদীর বালু ও মাটি লুটের মহাআয়োজন করে ক্ষমতাশীল দলের নাম ভাঙ্গিয়ে চলছে কোটি টাকা ফয়দা লুটের মহাযজ্ঞ।
স্থানীয় কৃষক জালাল উদ্দীন জানান, নদীর বুকে খরা মৌসুমে চর জাগায় আমরা বছর একটি ফসল ফলাতাম। কিন্তু এ বছর ধার ঘেষে মানুষ নিচু করে মাটি কেটে নিয়ে যাচ্ছে প্রভাবশালীরা। এ বিষয়ে প্রশাসনকে বার বার জানিয়েও কোনই লাভ হয়নি।
দিনের পর দিন মাটি কেটেই যাচ্ছে। এতে আগামী বছর এসব ফসল ফলানোর জায়গা আর থাকবে না। সব পানিতে ধুয়ে যাবে। নদী সংলগ্ন আবাসন প্রকল্পের বাসিন্দা আমজাদ হোসেন জানান, বর্ষায় আবাসনের চারদিক পানিতে ডুবে থাকে। আর এবছর যেভাবে মাটি কাটছে তবে বর্ষায় নদীর পানি সরাসরি আবাসনে এসে ধাক্কা দিবে। এতে এই আবাসটিও নদীর বুকে বিলীন হয়ে যাবে।
এ বিষয়ে উপজেলা প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি। বরং হুমকি এসেছে বিভিন্নভাবে। মেরে নদীতে ভাসিয়ে দেয়ার হুমকিও দিচ্ছেন প্রভাবশালীরা।
বালু মহালের ইজারাভুক্ত না থাকলেও উক্ত স্থান থেকে কিভাবে বালু ও মাটি উত্তেলন করছেন জানতে চাইলে ইজারাদার শহিদুল ইসলাম কোন সদুত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান।
বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: আলপনা ইয়াসমিন জানান, উক্ত স্থান বালুমহালের ইজারা দেয়া নেই। এর আগে অভিযোগ পেয়ে তাদেরকে ওই স্থান থেকে বালু তোলার নিষেধাজ্ঞা দেয়া ছিলো। এরপরও ওই স্থান থেকে বালু উত্তোলন করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নদীর বাঁধ রক্ষাসহ বড় ধরনের ক্ষতির হাত থেকে এলাকাবাসীকে বাঁচাতে দ্রুত ছোট যমুনা নদীর মাটি বেচাকেনার অবৈধ ব্যবসা বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
স/এষ্

