গণটিকা কার্যক্রম অব্যাহত থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
কৃষ্ণ চন্দ্র রাজবংশী মানিকগঞ্জ প্রতিনিধি : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভয়ের কোন কারণ নেই। এক কোটি ডোজ টিকা দেওয়ার পরও দেশে প্রথম, দ্বিতীয় এবং বুস্টার ডোজ টিকা কার্যক্রম অব্যাহত থাকবে। অর্থ্যাৎ দেশে গণটিকা কার্যক্রম অব্যাহত থাকবে। আজকের কর্মসূচির পর দেশে প্রথম ডোজ টিকার আওতায় আসবে ১২ কোটি মানুষ।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়ন পরিষদ টিকা কেন্দ্র পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মানুষ টিকাবান্ধব। তারা উৎসবমুখর পরিবেশে টিকা নিচ্ছেন। দেশের ৭০ ভাগ মানুষকে টিকার আওতায় আনার জন্য বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশ থাকলেও টার্গেটের অতিরিক্ত টিকা দেওয়া হয়েছে বাংলাদেশে।
তিনি আরও বলেন, প্রয়োজনের অতিরিক্ত টিকা প্রধানমন্ত্রীর নির্দেশে যে দেশ টিকা পায়নি সেই দেশকে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এখনো যারা টিকা নেননি তাদেরকে টিকা নেওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকারের সভাপতিত্বে মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খাঁন, সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম আপেলসহ অন্যরা উপস্থিত ছিলেন।
স/এষ্

