দারিদ্রতার কাছে হার মানেনি প্রেস ব্যবসায়ী বাইজীদ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ চেষ্টা, শ্রম, সততা ও আত্মবিশ্বাস থাকলে দারিদ্রতা কোন প্রতিবন্ধকতা নয় এটি প্রমান করেছেন পাইকগাছার প্রেস ব্যবসায়ী বাইজীদ গাজী। চরম দারিদ্রতার মধ্যে বসবাস করেও নানা প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে প্রেস ব্যবসায়ে সফলতা পেয়েছে বাইজীদ।
এক সময় পেটে-ভাতে কাজ করতো যে বাইজীদ, আজ সে নিজেই প্রেস মালিক। এক সময় যার প্রতিটা মুহূর্ত দারিদ্রতার সাথে লড়াই করতে হতো, আজ সে পরিবার পরিজন নিয়ে সুখের জীবন-যাপন করছে। পাইকগাছা পৌরসভার ৫নং ওয়ার্ড সরল গ্রামের মৃত শওকত আলী গাজীর ছেলে বাইজীদ, অতি দরিদ্র পরিবারে যার জন্ম। শৈশব, কৈশর এবং যৌবনের অনেকটা সময় লড়াই করতে হয়েছে দারিদ্রতার সাথে।
অভাব অনটনের কারণে বেশি লেখাপড়া শিখতে পারেনি বাইজীদ। ফলে কিশোর বয়স থেকেই কর্মের দিকে ধাবিত হয় সে। ১৯৯৩ সালে উপজেলা সদরের একটি ছাপাখানায় পেটে-ভাতে কাজ শুরু করে কিশোর বাইজীদ। ১ বছর পর পাশের আরেকটি প্রেসে মাসিক ৫শ টাকা বেতনে কাজ শুরু করে।
সেখানে ৭/৮ বছর কাজ করার পর প্রেসটি বন্ধ হওয়ার উপক্রম হলে মালিকের কাছ থেকে নিজ দায়িত্বে নিয়ে ১ বছর পরিচালনা করে। এতে লোকসান হলে প্রেসটি ছেড়ে দেয়। এরপর আরো একটি প্রেসে কাজ নেয়। কিন্তু এলাকায় কোন অফসেট প্রেস না থাকায় কাজ শিখতে ঢাকায় যায় বাইজীদ।
ঢাকার একটি প্রেসে পেটে-ভাতে কাজ শুরু করে। এখানে ৮ মাস কাজ করার পর অফসেট মেশিন পরিচালনার ক্ষেত্রে দক্ষ হয়ে ওঠে বাইজীদ। তবে এখানকার প্রতিটি মুহূর্ত কেটেছে চোখের জ¦লে। থাকার তেমন কোন জায়গা না থাকায় কাটিং মেশিনের তলায় ঘুমিয়ে রাত পার করতে হয়েছে তাকে। ঢাকা থেকে ফিরে এসে নিজ এলাকার একটি প্রেসে কাজ নেওয়ার পর হঠাৎ পারিবারিক সমস্যার কারণে কয়েক দিনের ছুটি নেয় বাইজীদ।
নির্ধারিত দিনে হাজির হতে না পারায় প্রেসের কাজটি চলে যায় বাইজীদের। এবারও অনেকটাই অসহায় হয়ে পড়ে বাইজীদ। কি করবে, কোথায় যাবে কোন দিশা খুঁজে পাচ্ছিল না সে। এক পর্যায়ে এক নিকট আত্মীয়ের স্মরণাপন্ন হলে তিনি কিস্থিতে একটি প্রেস মেশিন দেয় বাইজীদকে।
মেশিনটি নিয়ে এলাকায় আসার পর কোথায় রাখবে মেশিন, কোথায় করবে ব্যবসা তার কোন ব্যবস্থা ছিল না। ইমন নামে এক কম্পিউটার ব্যবসায়ীর দোকানের কর্ণারে মেশিনটি বসিয়ে কোন রকমে কাজ করতে থাকে বাইজীদ। এর ১ বছর পর ইমন অন্য স্থান চলে গেলে ঘরটি সম্পূর্ণ নিজের অনুকূলে চলে আসে বাইজীদের। এরপর সে ব্যবসার পরিসর বাড়ানোর পরিকল্পনা নেয়।
বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়ে পুরাতন মেশিনটি বিক্রি করে নতুন মডেলের মেশিন স্থাপন করে সে। কম খরচে কাজের মান ভাল হওয়ায় বাইজীদের সুনাম ছড়িয়ে পড়ে এলাকার সবখানে। ২০২০ সালে আবারো ক্ষতির সম্মুখিন হয় বাইজীদের ব্যবসা। ভয়াবহ অগ্নিকান্ডে মেশিন সহ বিভিন্ন মালামাল পুড়ে কয়েক লাখ টাকা ক্ষতি হয়। এবারও সে দমে যায়নি। পাশে আরেকটি মার্কেটে নতুন ঘরে ঋণ নিয়ে নতুন ভাবে ব্যবসা শুরু করে। সম্প্রতি তার ব্যবসায় নতুন ভাবে যুক্ত হয়েছে ডিজিটাল প্যানা মেশিন।
বর্তমানে সে দুইটি ঘরে ব্যবসা পরিচালনা করছে। যার একটি ঘরে রয়েছে প্রেস মেশিন, আরেকটি ঘরে রয়েছে ডিজিটাল প্যানা মেশিন। এখন তার আর পিছনে ফিরে তাকাতে হয় না। ৩ থেকে ৪ জন কর্মচারী তার প্রতিষ্ঠানে কাজ করে জীবিকা নির্বাহ করছে।
প্রেস ও ডিজিটাল প্যানা ব্যবসা করে বাইজীদ এখন সফল। তার এ সফলতার পিছনে অনেকের অবদান কিংবা সহযোগিতা রয়েছে, যাদের মধ্যে তার ছোট ভাই মাসুম বিল্লাহ’র অবদান সবচেয়ে বেশি। সে সার্বক্ষনিক শ্রম দিয়ে এবং সহযোগিতা করে প্রেসটিকে এই পর্যায়ে নিয়ে এসেছে বলে জানান প্রেস ব্যবসায়ী বাইজীদ। বাইজীদ বলেন, অতিতের কথা মনে পড়লে আমার এখনো চোখে জল চলে আসে।
দারিদ্রতাও জীবনের একটি অংশ। তবে চেষ্টা, শ্রম, সততা ও আত্মবিশ্বাস থাকলে এগিয়ে যাওয়ার পথে দারিদ্রতা কোন প্রতিবন্ধকতা নয়। প্রেস ব্যবসা করে আমি এখন পরিবার পরিজন নিয়ে সুখেই আছি। আমার এখানে কাজ করে অনেকেই প্রেস ব্যবসা করছে।
স/এষ্

