বকেয়া বেতনের দাবিতে টঙ্গী-আশুলিয়া বেড়িবাঁধ সড়ক অবরোধ
টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে গতকাল সোমবার সকালে বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি শুরু করে টঙ্গীর বাদাম এলাকার এ্যাননটেক্স গ্রুপের সুপ্রভ স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকরা। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা নৌকায় তুরাগ নদী পার হয়ে টঙ্গী-আশুলিয়া বেড়িবাঁধ এলাকায় গিয়ে সড়ক অবরোধ করে। এ সময় প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
শ্রমিকরা জানায়, কারখানার প্রায় ৮শ শ্রমিকের ডিসেম্বর মাসের বেতন বকেয়া রয়েছে। কর্তৃপক্ষ একাধিকবার বেতন পরিশোধের আশ্বাস দিয়েও বেতন দেয়নি। তাই বাধ্য হয়ে অবরোধ করেছে শ্রমিকরা।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম চমক নিউজকে বলেন, সকাল ৮টা থেকে ওই কারখানার ৮শ শ্রমিক ডিসেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানায় কর্মবিরতি পালন শুরু করেন। পরে তারা নৌকায় নদী পার হয়ে সকাল ১০টায় টঙ্গী-আশুলিয়া ধউর ব্রিজ এলাকায় সড়ক অবরোধ করেন। কর্তৃপক্ষের বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা বেলা ১২টার দিকে সড়ক থেকে অবরোধ তুলে নেয়।
টঙ্গী শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল জলিল জানান, শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা হয়েছে।
স/এষ্

