খুঁতিতে জমানো টাকায় ভাঙ্গা সড়ক মেরামত করলেন মহিলা মেম্বার রেখা
ভাঙ্গা সড়ক মেরামতে মহিলা মেম্বারের মাথায় ইটের ডালা
খালিদ হোসেন মিলু, বদলগাছী (নওগাঁ)প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে কাপড়ের খঁতিতে জমানো টাকায় ভাঙ্গাচূরা সড়ক মেরামত করলেন মহিলা মেম্বার রেখা। উপজেলার বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত মহিলা মেম্বার রেখা। তার কষ্টের জমানো কিছু টাকা ও পার্শ্ববর্তী কোলা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন এর আর্থিক সহযোগীতায় দুই ট্র্যাক ইট নিয়ে এসে স্থানীয় দ্বীপগঞ্জ- কোলা ভাঙ্গাচুরা খানাখন্দে ভরা সড়ক মেরামত করেন।
ভূমিহীন রেখার সহায় সম্বল বলে কিছুই নেই।মাথা গোজার ঠাঁই হিসেবে আছে সরকারি যায়গায় ঝুঁপড়ি ঘর।বাঁশের তৈরি ঝুপড়ি ঘরে বসবাস করে আজ সে জনপ্রতিনিধি। তৃতীয় ধাপে বিলাশবাড়ী ইউপি নির্বাচনে ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত আসন বিপুল ভোটে নারী সদস্যা নির্বাচিত হোন।
অনেক দিন ধরে সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসী। দীর্ঘদিন থেকে সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে উপজেলার দ্বীপগঞ্জ হইতে-কোলা সড়ক। বড় বড় গর্তে পড়ে প্রায়ই বিকল হচ্ছে যানবাহন, ঘটছে দুর্ঘটনা। ঠিক এমন সময় জনপ্রিয় নারী ইউপি সদস্য রেখা সড়কটি কিছুটা সংস্কারের উদ্যোগ নেন।
স্থানীয় রেজাউল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে চলাচলের অনুপোযোগী সড়ক কোলা- দ্বীপগঞ্জ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার পাকা এই সড়কে উঠে গেছে কার্পেটিং। উপজেলার জনবহুল গুরুত্বপূর্ণ মূল সড়কটি দিয়ে প্রতিদিন মিঠাপুর, কোলা, আধাইপুর, বিলাশবাড়ীসহ বেশ কয়েকটি ইউনিয়নের হাজারও মানুষ চলাচল করে নিয়মিত জেলা শহর নওগাঁয়।
এছাড়া ট্রাক, অটোরিকশা, ব্যাটারিচালিত ভ্যান, অটো চার্জার গাড়ি, মোটরসাইকেলসহ ছোট বড় অনেক যানবাহন চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার না হওয়ায় পিচ উঠে অসংখ্য স্থানে তৈরি হয়েছে ছোট-বড় গর্ত। খানাখন্দে ভরা সড়কে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয় জনসাধারণ। কোলা ইউপির চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপনের সহযোগীতায় মহিলা মেম্বার রেখার উদ্যোগে সড়কে মেরামত করা হয়েছে।

পথচারী জামাল বলেন, খানাখন্দে ভরা এই সড়কে প্রতিদিন চলাচল করে হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী যানবাহন ও পথচারীরা। এক দিকে খরা মৌসুমে ধুলা বালিতে অতিষ্ঠ পথচারী- তেমনি একটু বৃষ্টি হলেই সড়কের গর্তগুলোতে পানি জমে বেহাল পরিস্থিতি সৃষ্টি হয়।
বেহাল এই সড়কে নিয়মিত ঘটে দুর্ঘটনা। চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রী ও চালকরা। জেলা শহরসহ নওগাঁ যাবার সহজ যোগাযোগ এই রাস্তা। অথচ, রোগী ও জরুরি প্রয়োজনে দ্রুত যাওয়া যায় না এই রাস্তাটি দিয়ে। আর বৃষ্টিতে ভোগান্তি ওঠে চরমে। জনগনের চলাচলের ভোগান্তি কমাতে সড়কে ইট বিছিয়ে কিছুা চলাচলের
উপযোগী করেছেন ভূমিহীন রেখা।
এবিষয়ে বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত নারী ইউপি সদস্যা রেখা বানু বলেন, সড়কটি ভাঙাচূরা যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, আমি আমার সামান্য জমানো টাকা দিয়ে শুধু ইটের গাড়ী ভাড়া দিয়েছি আর কোলা ইউনিয়নের চেয়ারম্যান স্বপন দুই গাড়ী ইট দিয়েছে।
আমি নিজেই ইট গুলো মাথায় বহন করে ভ্যানে করে নিয়ে রাস্তা বিছিয়ে দিয়েছি।হাতুড়ি দিয়ে ইটগুলো নিজ হাতেই ভেঙ্গে খানাখন্দ সমান করেছি।
কোলা ইউপি চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন বলেন, আমার কাছে বিলাশবাড়ী ইউপির মহিলা মেম্বার রেখা এসে বললো, কোলা-দ্বীপগঞ্জ সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রেখা আমাকে বলে দুই গাড়ী ইট দিতে হবে আমি তার কথা শুনে যথা সময়ে ইট পৌঁছিয়ে দিয়েছি।রেখা ইটের গাড়ী ভাড়া দিয়ে তার সার্বিক প্রচেষ্টায় রাস্তাটি মেরামত করা হয়েছে।
স/এস্

