খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ডাকাতি মামলায় নারীসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে গোপন সংবাদে পিরোজপুরের বেকুটিয়া ফেরীঘাট এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সুমন তালুকদার (২৫) এবং এক নারী সহযোগী রোজিনা (১৮) কে গ্রেপ্তার করে জেলা পুলিশের একটি দল।
সুমন বাগেরহাট সদর থানার বড় বাশবুনিয়া গ্রামের কালাম তালুকদারের ছেলে এবং রোজিনা বাগেরহাটের কচুয়া থানার সাইনবোর্ড (শ্রীরামপুর) এলাকার ডাকাত নাজমুলের স্ত্রী।
ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসানের (পিপিএম-সেবা) নেতৃত্বে সদর থানা পরিদর্শক মোঃ তাজুল ইসলাম, মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (অপারেশন) আসাদুজ্জামান তাদের গ্রেপ্তার করে।
প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি রাতে শহরের পশ্চিম ঝালকাঠি এলাকায় আব্দুস সালামের বাড়িতে ডাকাতি হয়। এ ব্যপারে ছেলে শেখ পারভেজ বাদী হয়ে ঝালকাঠি থানায় (৪৫৭/৩৮২ দঃবিঃ) মামলা দায়ের করেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
মামলার তদন্তকর্মকর্তা পরিদর্শক (অপারেশন) আসাদুজ্জামান জানান, বিভিন্ন সোর্স ব্যবহার করে সন্ধিগ্ধ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে সুমনকে ৫দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার সকালে আদালতে তোলা হয়। ঝালকাঠি জেষ্ঠ্য বিচারিক আদালত সুমনের তিনি দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে ডাকাতিতে সহযোগী নারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
স/এষ্

