চমক প্রতিবেদক :
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে আজ বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে গতকাল রানা প্লাজা দিবসের কর্মসুচিতে পুলিশের হামলা-নির্যাতন, পঙ্গু শ্রমিক ও নেতাকর্মীদের আহত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সমাবেশে নেতৃবৃন্দ এই ন্যাক্কারজনক হামলা ও রানা প্লাজায় আহত, পঙ্গু শ্রমিকদের মারধর করে জখম করার জন্য প্রশাসনের দায়ী ব্যক্তিবর্গকে শাস্তির আওতায় আনার দাবি জানান। সমাবেশে উপস্থিত রানা প্লাজার আহত ও পঙ্গু শ্রমিকরা যথাযথ ক্ষতিপূরণ ও পূণর্বাসনের দাবি জানিয়ে বক্তব্য দেন। এসময় বক্তারা রানা প্লাজা শ্রমিক হত্যাকা-ের সাথে জড়িত মালিক, ভবন মালিক, সরকারি কর্মকর্তাগণ সহ সকল দায়ী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে বিচারের দীঘসূত্রিতা, একজন বাদে সকল আসামী জামিনে থাকা, স্বাক্ষ্যগ্রহণ বন্ধ থাকার প্রতিবাদ জানান।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কার্যকরি সভাপতি কাজী রুহুল আমীন এর সভাপতিত্বে এবং যুগ্ন সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি অ্যাড. মন্টু ঘোষ, সাধারণ সম্পাদক জলি তালুকদার, জালাল হাওলাদার, কেএম মিন্টু, এমএ শাহীন, সাইফুল আল মামুন, আজম খান বাবু, রানা প্লাজার আহত শ্রমিক মাহামুদুল হাসান হৃদয়, শিলা, রেখা, সাদ্দাম হোসেন, বাকী বিল্লাহ প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, হাজারো শ্রমিক মালিকদের অবহেলার কারণে মৃত্যুবরণ করলো। কিন্তু চার বছরেও দায়ীদের বিচার হলো না। আজ বিচারের দাবি করায় শ্রমিক ও স্বজনরা পুলিশের বেধড়ক লাঠি পেটার শিকার হয়।
নেতৃবৃন্দ বলেন, এই বিচারহীনতা, দুষ্টের পালন এবং শিষ্টের দমন যতদিন চলতে থাকবে ততদিন রানা প্লাজা, তাজরিন, ট্যাম্পাকোসহ এমন শ্রমিক হত্যাকা-ে ঘটেই চলবে। নেতৃবৃন্দ আরো বলেন, আমাদের শোক পালন করার অধিকারটুকুও আজ হরণ করা হয়েছে। আমরা ২৪ এপ্রিলকে গার্মেন্ট শিল্পে শোক দিবস ঘোষণা করে সাধারণ ছুটি দাবি করেছি, তা মানা হয়নি। এখন পুষ্পমাল্য অর্পন কর্মসূচীতে বাধা দেয়া হয়। সমাবেশে হামলা করা হচ্ছে।
নেতৃবৃন্দ বলেন হামলা করে শ্রমিকদের দাবি থেকে, সংগ্রামের পথ থেকে হটানো যাবে না। রানা প্লাজায় শ্রমিক হত্যাকা-ের বিচার, যথাযথ ক্ষতিপূরণ, পুনর্বাসন আদায় না হওয়া পর্যন্ত গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র লড়াই চালিয়ে যাবে বলে সমাবেশে প্রত্যয় ব্যক্ত করা হয়।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে।
স/ এষ্

