টঙ্গীতে প্রবাসীর স্ত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এরশাদনগর ৩নং ব্লকে আফসানা মিমি (২২) নামে এক প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত আফসানা মিমি মাদারীপুরের কালকিনি থানার রায়পুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।
টঙ্গী পূর্ব থানার এসআই ইয়াসিন আরাফাত জানান, বাহরাইন প্রবাসী দিদার হোসেনের সঙ্গে ৫ বছর আগে বিয়ে হয় আফসানা মিমির। ছুটিতে মাঝে মধ্যে দিদার হোসেন দেশে আসতো। এ কারনে মিমি তার মা-বাবার সঙ্গে এরশাদনগর ওই এলাকায় বসবাস করে আসছিলেন।
স্বামীর সংসারসহ খুঁটিনাটি বিষয়াদি নিয়ে মায়ের সঙ্গে মিমির কথা কাটাকাটি হতো। এতে তার মনে ক্ষোভ দানা বাধে। এরই জের ধরে মিমি মঙ্গলবার রাত সাড়ে ৪টার দিকে পরিবারের অন্য সদস্যরা ঘুমিয়ে থাকলে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। টঙ্গী পূর্ব থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. দেলোয়ার হোসেন চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
স/এষ্

