হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণের ও এলাকার উন্নয়ন করতে না পারলে, সে নেতাকে জনগণ প্রত্যাখান করে। তার প্রমাণ জনগণ গত ৫ জানুয়ারীর সংসদ নির্বাচনে দেখিয়েছে। আগামী নির্বাচনে ভোট দিবে উন্নয়ন দেখে।
তিনি রবিবার বিকেলে সদরপুর উপজেলার আটরশি, সাতরশি ও সতেরশি গ্রামের পিডিবির প্রায় ১ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে সাড়ে ৫ কিলোমিটার এলাকায় প্রায় ৩ শত গ্রাহকের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিগত ৩৫ বছর অত্র এলাকায় কাজী জাফর উল্লাহ গংরা এমপি হয়ে ৩৫ কোটি টাকার উন্নয়ন করেনি। জনগণকে ইজ্জত দেয়নি। তাই এখানকার জনগণ উন্নয়নের জন্য আমাকে ভোট দিয়েছে।
তিনি বলেন, চলতি অর্থ বছরে সদরপুর, ভাংগা ও চরভদ্রাসন উপজেলায় প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হবে। ১শ ১৮ কোটি টাকার বিদ্যুৎ উন্নয়নের কাজ করা হবে। তিনি সদরপুর থানার ওসিকে উদ্দেশ্য করে বলেন, মিথ্যা মামলা দিয়ে জনগণকে হয়রানি করা হলে কঠোর আন্দোলনের মাধ্যমে তাকে বিতাড়িত করা হবে।
সদরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর আ: মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সতেরশি নতুন বাজারে জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জি.এম মাহমুদ, সদরপুর উপজেলা নির্বাহী অফিসার রোকসানা রহমান, সদরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান হারিজুর রহমান, জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট শায়েদীদ গামাল লিপু, বিশিষ্ট সমাজ সেবক মোঃ কিবরিয়া মোল্লা, সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।
এর আগে তিনি তার নিজস্ব তহবীল থেকে ৩ প্রতিবন্ধিকে প্রায় ২০ হাজার টাকা সাহায্য প্রদান করেন। রবিবার দুপুর ২ টায় উক্ত প্রতিবন্ধিদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের খোজ খবর নেন ও নগদ টাকা সাহায্য প্রদান করেন। প্রতিবন্ধিরা হচ্ছে ফারুক শেখ(২৫), মর্জিনা বেগম (৪৫) ও জামিলা খাতুন (৭০)।
স/ এষ্

