কোলা ইউনিয়নে চেয়ারম্যান পদে এক ডজন প্রার্থী
খালিদ হোসেন মিলু বদলগাছী( নওগাঁ) : নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে একজন দলীয় আর অন্য ১১ জন স্বতন্ত্র প্রার্থী। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে একজন নারীও রয়েছেন।
উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে কোলা ইউনিয়নে চেয়ারম্যান পদে সর্বোচ্চ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তৃতীয় ধাপে ২৮ নভেম্বর এই ইউপিতে নির্বাচন হবে। তবে চেয়ারম্যান পদে এক ডজন প্রার্থী থাকায় ভোটারদের কদর বেড়েছে। প্রার্থীরাও নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।
ভোলার পালশার বাবু বলেন, প্রতিদিনই একাধিক প্রার্থী ভোট চাইতে আসছেন। প্রার্থীরা এসে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। ঘন ঘন প্রার্থীরা এসে ভোট চাওয়ায় নিজেদেরও খুব ভালো লাগছে।
কোলা ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন আওয়ামী লীগের প্রার্থী শাহীনুর ইসলাম (নৌকা),মো. ফজলে রাব্বী ফারুকী (ঘোড়া), এইচ এম আসাদুজ্জামান (রজনীগন্ধা), মোছা. সেলিনা মির্জা (কাপ-পিরিচ), আসাদুর রহমান চৌধুরী (আনারস), মো. খায়রুল ইসলাম (দুটি পাতা), মো. জাফর ইকবাল (টেবিল ফ্যান), মো. ফয়সল ওয়ালিদ (চশমা), মো. মেহেদী মাসুদ (অটোরিকশা), শফিকুল ইসলাম (টেলিফোন) ও মো. হায়দার আলী (ঢোল) স্বতন্ত্র প্রার্থী আল মাহমুদুল হাসান (মোটরসাইকেল), । এই ইউনিয়নে মোট ভোটার ২০ হাজার ১৮২ জন।
কোলা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পুরো ইউনিয়ন জুড়ে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদপ্রার্থীদের পোস্টার ছেয়ে গেছে। এসব প্রার্থীদের মোড়ে মোড়ে নির্বাচনী ক্যাম্প রয়েছে। এসব নির্বাচনী ক্যাম্পে কর্মী-সমর্থকেরা আড্ডা দিচ্ছেন।
কোলা ইউনিয়নের একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, ইউপি নির্বাচন কে ঘিরে এলাকায় উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়েই প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। প্রার্থীরা সবাই নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন।
সন্ধ্যার পর থেকে প্রতিটি চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদপ্রার্থীদের নির্বাচনী ক্যাম্পে জমজমাট চায়ের আড্ডা বসছে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ উৎসবমুখর রয়েছে। চেয়ারম্যান পদে কে করবেন জয়লাভ তা নিয়ে নানান জল্পনা কল্পনা চলছে স্থানীয় ভোটারদের মাঝে।
স্থানীয় ভোটারেরা জানান, এবার তৃতীয় ধাপে কোলা ইউপি নির্বাচনে দলীয় প্রতিক নৌকা মার্কা, স্বতন্ত্র প্রার্থীর ঘোড়া মার্কা ও নারী স্বতন্ত্র প্রার্থীর কাপ পিরিচ মার্কার ভোটের মাঠে ত্রিমুখী লড়াই হবে।
ভোলার পালশা গ্রামের আব্দুস ছালাম ভাদু বলেন, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোলা ইউনিয়নের ব্যাপক উন্নয়ন করেছন। এলাকার রাস্তা ঘাট পাকাকরণ, সিসি ঢালাই ও পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন।উন্নয়নের স্বার্থে এবার আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী শাহিনুর ইসলাম স্বপনকে নৌকা প্রতিক কে ভোট দিয়ে তাকে জয়ের মালা পরাতে চাই আমরা এলাকাবাসী।
রিটার্নিং ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এ বি এম শহিদুল আলম বলেন, তৃতীয় ধাপে বদলগাছীর আট ইউপিতে নির্বাচন হবে। এর মধ্যে কোলা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সর্বোচ্চ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন পর্যন্ত কোলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের কেউ গুরুতর কোনো অভিযোগ করেননি।
স/এষ্

