মঙ্গলবার শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির ৭১তম জন্মদিন
শাহজাহান শোভন, টঙ্গী থেকে : মঙ্গলবার প্রখ্যাত শ্রমিক নেতা ও গাজীপুর-২ আসনের প্রয়াত সংসদ সদস্য শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির ৭১তম জন্মদিন। দিবসটি পালন করতে টঙ্গী থানা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
গাজীপুরের হায়দরাবাদে আজ মঙ্গলবার বাদ জোহর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শহীদ আহসান উল্লাহ মাস্টার পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ, পবিত্র কুরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া গাজীপুরের বিভিন্নস্থানে পৃথকভাবে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
শহীদ আহসান উল্লাহ মাস্টার ১৯৫০ সালের ৯ নভেম্বর গাজীপুরের হায়দরাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যাওয়ার ৩ দিন আগে নিজ গ্রামের বাড়িতে পাকহানাদার বাহিনীর কাছ থেকে প্রাণে বেঁচে যান তিনি। তিনি নোয়াগাঁও হাইস্কুলে শিক্ষকতার পাশাপাশি শ্রমজীবী মানুষের সংগঠন জাতীয় শ্রমিক লীগের সঙ্গে যুক্ত হন।
তিনি দুইবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, একবার উপজেলা চেয়ারম্যান এবং দুইবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও কার্যকরী সভাপতিও নির্বাচিত হয়েছিলেন। ২০০৪ সালের ৭ মে টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তিনি।
স/এষ্

