হিলি স্থলবন্দর দিয়ে আসছে কাঁচা মরিচ
হিলি প্রতিনিধি : দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি চালু রয়েছে। সেই সাথে কমতে শুরু করেছে দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি কমেছে ৫ থেকে ১০ টাকা। পাইকারী বাজারে প্রকারভেদে কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা। ভারত থেকে কাঁচা মরিচ আমদানি অব্যহত থাকায় কমেছে দাম বলছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৪ নভেম্বর) হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
কাঁচা মরিচ কিনসে আসা মেহেদী হাসান জানান, বাজারের সব পণ্যের দামই বেশি। কিছু কিছু সবজির দাম কমেছে। তবে কিছুটা কাঁচা মরিচের দাম কমেছে। প্রতি কেজি কাঁচা মরিচের দাম ৩০ টাকার মধ্যে থাকলে সাধারণ ক্রেতাদের সুবিধা হয়। সেই সাথে বাজার মনিটরিংয়ের দাবিও জানান ক্রেতারা।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, দেশের বাজারের কাঁচা মরিচের দাম স্বাভাবিক রাখতে হিলি বন্দরের আমদানিকারকরা ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করছে। আমদানি বেশি হলে আরো কমতে পারে দাম বলেও জানান তিনি।
হিলি কাস্টমসের উপ-কমিশনার কামরুল হাসান জানান, হিলি বন্দর দিয়ে ভারত থেকে অনান্য পণ্যের পাশাপাশি কাঁচা মরিচ আমদানি স্বাভাবিক আছে। প্রতি টন কাঁচামরিচ ৫০০ ডলারে আমদানি হচ্ছে। চলতি সপ্তাহের বুধবার (৩ নভেম্বর) পর্যন্ত ২১ ট্রাকে ১৫৭ মেট্রিকটন কাঁচা মরিচ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।
স/এষ্

