ভারতের অন্ধ্রপ্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক আন্দোলনরত লোকজনের ভিড়ে উঠে যায়। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।
শুক্রবার ভারতের স্থানীয় সময় দুপুর পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
এরই মধ্যে নিহতদের পরিবারকে পাঁচ লাখ রুপি অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার।
ইয়ারপেদু থানার সামনে পুতালাপাত্তু-নায়ুদুপেতা মহাসড়কের মানুষ জড়ো হয়েছিল। ওই অঞ্চলের বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে তারা সমাবেত হয়। এ সময় হঠাৎ একটি ট্রাক সেখানকার বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগায়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পথচারী, গাড়ি ও দোকানে উঠে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ বলছে, ট্রাকটি বেশি মালামাল বহন করছিল এবং দ্রুত গতিতে চালানো হচ্ছিল। পরে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগে এবং অনেক মানুষ চাকার নিচে পিষ্ট হয়। দুর্ঘটনায় সেখানে থাকা একাধিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয় ও রাস্তার পাশের দোকানে আগুন লেগে যায়।
আহতদের প্রদেশের তিরুপতির রুইয়া হাসপাতালে নেওয়া হয়েছে। অনেককে চেন্নাই ও ভেলোরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।
রেনিগুনতা শহরের ডেপুটি পুলিশ সুপার কে এস নানজেনদাপ্যা বলেন, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ছয়জন ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৪ জন মারা গেছেন। দুর্ঘটনার কারণে ইয়ারপেদু, শ্রিকালাহাস্তি, রেনিগুনতা ও তিরুপতি এলাকায় যান চলাচল বাধাগ্রস্ত হয়েছে।
স/ এষ্

