আলফাডাঙ্গায় ৩ সাংবাদিকের নামে চাঁদাবাজি মামলা
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় বিতর্কিত ৩ সাংবাদিকের নামে চাঁদাবাজির মামলা হয়েছে। গত শনিবার (০৯.১০.২১) আলফাডাঙ্গা থানায় মো. ইমরান হোসেন বাদী হয়ে ওই ৩ সাংবাদিকের নামে মামলা করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, আলফাডাঙ্গা পৌরসভার বুড়াইচ গ্রামের মুক্তিযোদ্ধা আক্তার লস্কারের ছেলে মো. ইমরান হোসেন গত ২৩ শে আগষ্ট তার নিজের জমির ৭/৮টি রেন্ট্রী গাছ কাটতে গেলে দৈনিক মানবজমিন পত্রিকার আলফাডাঙ্গা প্রতিনিধি আলমগীর কবীর, দৈনিক সরেজমিন পত্রিকার প্রতিনিধি কামরুল হক ভূইয়া, দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি কবীর হোসেন বাধা দেন।
এক পর্যায়ে তারা ৫০,০০০ টাকা চাঁদা দাবি করেন। পরে বাদী ওই ৩ সাংবাদিককে ৩ হাজার টাকা দেন কিন্তু আসামীরা তা মানতে রাজি না। পরদিন আসামীরা আলফাডাঙ্গা বাজারে বাদীকে আরো চাঁদার টাকার জন্য চাপ দেন। বাদী টাকা দিতে রাজি না হওয়ায় আসামীরা ইমরানকে মারধর করেন এবং হত্যার হুমকি দিয়ে চলে যান। এ ঘটনার পর ইমরান ওই ৩ সাংবাদিকের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন।
থানা মামলা না নেয়ায় বাদী গত ৫ অক্টোবর ফরিদপুর ৭নং বিজ্ঞ আমলী আদালতে অভিযোগ করলে আদালত আলফাডাঙ্গা থানাকে মামলা এজাহারভুক্ত করার নির্দেশ দেন। মামলার বাদী মো. ইমরান হোসেন বলেন, আমি গাছ কাটতে গেলে গলায় কার্ড ঝুলানো ৩ সাংবাদিক বিভিন্ন অফিসে ম্যানেজ করার নামে আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। আমাকে বলে, ‘তুই সরকারি জায়গা থেকে গাছ কেটেছিস।
আমাদের টাকা না দিলে তোকে ওসি ও ইউএনওকে দিয়ে জরিমানা ও জেল খাটাবো।’ আমি ভীত সন্ত্রস্ত হয়ে তিন হাজার টাকা দেই। আমি বাজারে গেলে আরো টাকা দাবি করে আমার মুক্তিযোদ্ধা পরিবারকে নিয়ে অকথ্য ভাষায় প্রকাশ্যে গালিগালাজ করে ও হত্যার হুমকি দেয়। আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ ওহিদুজ্জামান বলেন, আদালতে দায়ের করা মামলাটি থানায় এজাহার ভুক্ত করা হয়েছে।
স/এষ্

