সাফ চ্যাম্পিয়নশিপের পর্দা উঠছে আজ
নিজস্ব প্রতিবেদক : সাফের ১৩তম আসরের পর্দা উঠছে আজ মালদ্বীপের রাজধানী মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার উদ্বোধনী ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল পাঁচটায়।
আসরের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস.রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে পাঁচ দলের এবারের সাফ চ্যাম্পিয়নশিপ। লিগ পর্বে প্রতিটি দল পরস্পরকে একবার করে মোকাবিলা করবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল ফাইনালে খেলবে ১৬ অক্টোবর।
আগামী ৪ অক্টোবর সাফের সফলতম দল ভারতকে মোকাবিলা করবে বাংলাদেশ। ৭ অক্টোবর তৃতীয় ম্যাচে অস্কার ব্রুজোনের শিষ্যদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন মালদ্বীপ। ১৩ অক্টোবর লিগ পর্বের শেষ ম্যাচে তারা লড়বে নেপালের বিপক্ষে।
প্রতিযোগিতার আগের ১২টি আসরে সর্বোচ্চ সাতবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। মালদ্বীপ শিরোপা জিতেছে দুবার। একবার করে সেরার মুকুট উঁচিয়ে ধরার স্বাদ নিয়েছে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা।
জামাল ভূঁইয়ার আত্মবিশ্বাসের প্রশংসা করতেই হয়! সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে গত চারটি সংস্করণের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে এবার সরাসরি ফাইনালে খেলার প্রত্যাশার কথা শুনিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।‘ম্যাচ বাই ম্যাচ’ জিতে এগিয়ে যাওয়ার স্বপ্ন জামালের।
আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘শেষ কয়েক দিন আমরা কঠোর পরিশ্রম করেছি। খেলোয়াড়েরা নিজেদের সেরাটা দিতে চায়। আমরা আত্মবিশ্বাসী। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আমরা ম্যাচ বাই ম্যাচ জিতে ফাইনালে যেতে চাই। আমরা সবাই আত্মবিশ্বাসী এবং আশা করি, এই টুর্নামেন্ট থেকে কিছু সাফল্য নিয়ে আসতে পারব।’
২০১৩ সালে নেপালে অনুষ্ঠিত সাফে প্রথমবারের মতো খেলেন জামাল। ব্যক্তিগতভাবে এবার চতুর্থবারের মতো খেলতে যাচ্ছেন তিনি। প্রতিপক্ষ দলগুলো সম্পর্কে জামালের মূল্যায়ন, ‘প্রথম ম্যাচ শ্রীলঙ্কার সঙ্গে, ভারত র্যাঙ্কিং হিসাবে ফেবারিট। প্রথম ম্যাচে তিন পয়েন্ট পেলে ভালো শুরু হবে।
ভারতের সঙ্গে না হারলেই ভালো।’ অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দলের দায়িত্ব নিয়েছেন অস্কার ব্রুজোন। নতুন কোচের পরিকল্পনার সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে না বলে জানান জামাল, ‘কোচ শুরুর দিনেই পরিষ্কার করে দিয়েছেন, আমরা কীভাবে খেলব বা কীভাবে খেলতে চাই। প্লেয়ারদের কাছ থেকে কী চান, সেটাও পরিষ্কার করে দিয়েছেন। এটা আসলেই গুরুত্বপূর্ণ। অস্কারের কৌশলের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে না।
স/এষ্

