দেশের ১৫৫টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী নির্বাচনে বিজয়ীরা হলেন-
কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ্ব আলী আশরাফ বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন সাত হাজার ৯১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার সরকার পেয়েছেন দুই হাজার ৬৬৩ ভোট। হোমনা উপজেলার ভাষানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা কামরুল ইসলাম বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন তিন হাজার ৬৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবু নাসের পেয়েছেন দুই হাজার ৫ ভোট। অপরদিকে বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়নের একটি ওয়ার্ডে সদস্য পদে উপ-নির্বাচনে গোলাম মোস্তফা নির্বাচিত হয়েছেন।
সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিল্লুর রহমান সরকার (নৌকা) ১৫ হাজার ৮৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল হুদা (ধানের শীষ) পেয়েছেন তিন হাজার ৯৮৬ ভোট। এছাড়াও বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আবু তালেব পেয়েছেন দুই হাজার ৪৩৭ ভোট।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজান নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ আল মামুন চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন। তিনি মোট চার হজার ৩৫৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আকবার আলী পেয়েছেন চার হাজার ৩২৩ ভোট।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার একটি বিলুপ্ত ছিটমহল সংশ্লিষ্ট বাউরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ বসুনিয়া দুলাল জয়ী হয়েছেন। তিনি আট হাজার ৭৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী শামসুল আলম (ধানের শীষ) পেয়েছেন চার হাজার ২৭০ ভোট।
শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনে মোরগ প্রতীকের প্রার্থী মো. ময়ফুল ইসলাম ৫০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন পেয়েছেন ৪২৬ ভোট। প্রতিদ্বন্দ্বী আরেক প্রার্থী মমতাজুদ্দিন তালা প্রতীকে ভোট পেয়েছেন মাত্র দুটি।
নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মারিয়া হোসেন রুমা নৌকা প্রতীক নিয়ে তিন হাজার ৩৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খান জাহাঙ্গীর আলম মোটরসাইকেল প্রতীক নিয়ে দুই হাজার ৬৬২ ভোট পেয়েছেন।
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রবিউল ইসলাম কবির সিকদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন চার হাজার ৩৪৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী উপজেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি এনায়েত হোসেন খসরু আনারস প্রতীকে পেয়েছেন এক হাজার ২৮৯ ভোট।অপর প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন রিয়াজ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৪৮ ভোট।
পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত উত্তম কুমার মৈত্র (নৌকা) চার হাজার ৬৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান রিপন (আনারস) পেয়েছেন চার হাজার ৫৩৩ ভোট। দেউলবাড়ী-দোবড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত মো. ওয়ালিউল্লাহ (নৌকা) পাঁচ হাজার ৪৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. বাবুল ফকির (চশমা) পেয়েছেন চার হাজার ৯৬৮ ভোট। কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি মনোনীত মো. হাসনাত ডালিম (ধানের শীষ) পেয়েছেন চার হাজার ২৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. নান্না মিয়া (আনারস) পেয়েছেন তিন হাজার ৪৬১ ভোট।
টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য উপ-নির্বাচনে মাত্র দুই ভোট বেশি পেয়ে মিনা বেগম (ফুটবল) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৪৮৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুর রশিদ খান (মোরগ) পেয়েছেন ৪৮১ ভোট। অপর প্রার্থী হান্নান খান ( বৈদ্যুতিক পাখা) পেয়েছেন ৪০০ ভোট।
খুলনার ডুমুরিয়া উপজেলার ৫ নম্বর আটলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট প্রতাপ কুমার রায় (নৌকা) বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন সাত হাজার ৭৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শেখ হেলাল উদ্দিন (আনারস) পেয়েছেন ৪ হাজার ৭৪১ ভোট।
স/এষ্

