খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আজ (১৬ এপ্রিল) অনুষ্ঠিত হবে। নির্বাচনে সবক’টি কেন্দ্রকে প্রশাসন ঝুঁকিপূর্ণ মনে করলেও প্রার্থীরা ঝুঁকিপূর্ণ কেন্দ্র মনে করছেন ৫ টিকে। ঝুকিপূর্ণ কেন্দ্র গুলো হলো হেতালবুনিয়া, বড় কাঠালিয়া, আনলবুনিয়া, জয়খালী ও চিংড়া খালী। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে লড়াই করছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রবিউল ইসলাম কবির সিকদার (নৌকা), স্বতন্ত্র প্রার্থী উজলো যুবলীগ সাধারন সম্পাদক মাইনুল হোসেন রিয়াজ (মটর সাইকেল), উপজেলা জাতীয় পার্টি (জেপি) সভাপতি এনায়েত হোসেন খসরু (আনারস)। ইউনিয়নে ১১হাজার ৫শ ৬১ জন ভোটারের মধ্যে মহিলা ভোটার রয়েছে ৫ হাজার ৮শ ৮২ জন। অপরদিকে একই উপজেলার চেচরীরামপুর ইউনিয়নের ৯ নং (বানাই) ওয়ার্ডে ইউপি সদস্য পদের উপ-নির্বাচনও আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বানাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয়ে ভোট গ্রহণ করা হবে। এ পদে প্রতিদ্বন্দিতা করছেন মোরগ প্রতিকে মোঃ নজরুল ইসলাম তালুকদার ফোরকান ও ফুটবল প্রতিকে মেহেদী হাসান সবুজ। একেন্দ্রে ভোটার সংখ্যা রয়েছে ১ হাজার ৯শ’ ৮৩ জন। উভয় প্রার্থীই এ কেন্দ্রকে ঝুঁিকপূর্ণ বলে দাবী করেছেন। উল্লেখ্য, উপজেলা চেয়ারম্যান ফারুক সিকদার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করলে উপনির্বাচনে সদর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফশীল ঘোষণা করে নির্বাচন কমিশন। চেচরীরামপুর ইউনিয়নের ৯নং বানাই ওয়ার্ডের ইউপি সদস্য ইন্তেকাল করলে একই সাথে ওই ওয়ার্ডেরও উপনির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন। বানাই নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আইউব আলী জানান, নির্বাচন সুষ্ঠ করতে সব ধরণের ব্যবস্থা করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান জানান, নির্বাচন সুষ্ঠ করতে সকল ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। ইতিমধ্যে নির্বাচনী দায়িত্ব পালন করতে অতিরিক্ত পুলিশ, র্যাব, বিজিবি, আনসার-ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। কোনভাবেই নির্বাচনী পরিবেশ বানচাল করতে দেয়া হবে না। জেলা ম্যাজিস্ট্রেট (ডিসি) এর পক্ষ থেকেও নির্বাচন সুষ্ঠ করতে সদর ইউনিয়ন এলাকায় মাইকিং করে প্রচারণা চালিয়েছে।
স/ এষ্

