মানব সেবায় নিজেকে বিলিয়ে দিতে চান মেহেরপুরের রুপা
এসএম মেহেরাব হোসেন, মেহেরপুর : মুক্তিযুদ্ধের অন্যতম কালের সাক্ষী ঐতিহাসিক মুজিবনগর। যা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী। বাংলাদেশের মানচিত্রে ছোট্ট একটি জেলা ঐতিহাসিক মুজিবনগর খ্যাত মেহেরপুর। নারী জাগরণে মেহেরপুর জেলা জাতীয় পর্যায়ে বিভিন্ন কাজ করে স্মরণীয় হয়ে আছে।
তেমনি মানব সেবায় অনন্য উদাহরণ, মানব সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার মানসিকতা নিয়ে কাজ করছেন মেহেরপুরের নিলুফার ইয়াসমিন রুপা। বর্তমান সময়ের আলোচিত পরিবেশবাদী নেত্রী ও সবুজ আন্দোলন বাংলাদেশ এর পরিচালনা পরিষদের পরিচালক হিসেবে কাজ করছেন তিনি।
নিলুফার ইয়াসমিন রুপা ১৯৮২ সালের ২০শে জানুয়ারি মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহির উদ্দিন এবং মায়ের নাম রহিমা খাতুন। ১৯৯৭ সালে বাবুল আক্তার মিঠু নামে এক ব্যক্তির সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
নিলুফার ইয়াসমিন রুপা ইনার হুইল নামের আন্তর্জাতিক একটি সংগঠনের মেহেরপুর জেলা সভাপতি হিসেবে কাজ করছেন। ইনার হুইল সংগঠনে সারাবিশ্বে শুধুমাত্র নারীরা কাজ করে। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে ঈদ বস্ত্র, শীতবস্ত্র, খাবার বিতরণ এবং নগদ অর্থ প্রদান সহ দীর্ঘদিন ধরে সমাজের উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে কাজ করে আসছে।
পরিবেশ রক্ষায় এবং বিভিন্ন সময়ে তিনি প্রতিবন্ধী শিশুদের নিয়ে আনন্দ ভাগাভাগি করে তাদের বিকাশে কাজ করেছেন। এইসব ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে মাদার তেরেসা পিস আওয়ার্ড, গান্ধী পিস আওয়ার্ড সহ বিভিন্ন সময়ে পুরস্কৃত হয়েছেন তিনি।
নিলুফার ইয়াসমিন রুপা বলেন, ভালো কাজ করতেই ভালো লাগে, এবং ভালোলাগা এবং ভালবাসার জায়গা থেকেই আমি এসব কাজগুলো করি। তিনি আরো বলেন অনেকেই অনেক সময় আমাকে থামিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে কিন্তু সকল বাধা বিপত্তি কাটিয়ে আমি সমাজের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি।
স/এষ্

