টঙ্গীতে পুলিশের অভিযানে মাদক ও অস্ত্রসহ ৮জন গ্রেফতার
টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে এরশাদ নগর এলাকায় গত বুধবার রাতে অভিযান চালিয়ে ৮জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭৫০ গ্রাম গাঁজা, ২৪পিস ইয়াবা ট্যাবলেট, ৩টি সুইচ গিয়ার ও ২টি চাপাতি উদ্ধার করেছে।
পুলিশ জানায়, টঙ্গী পূর্ব থানা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ অপরাধ (দক্ষিণ) বিভাগ, অপরাধ (উত্তর) বিভাগ ও ডিবি পুলিশ রাতে এরশাদ নগরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ১১জন বিভিন্ন মামলার আসামীসহ ৮জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। অভিযানে উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ নেতৃত্বে ১৫০ জন অফিসার ও ফোর্স অংশগ্রহণ করেন।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো: জাবেদ মাসুদ জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতার, নিয়মিত মামলার আসামী গ্রেফতার ও ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতারে আমাদের এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
স/এ্ষ

