সুনামগঞ্জে র্যাবের হাতে আটককৃত ৪ বস্তা ভারতীয় মদের প্রকৃত মালিক লক্ষণ বনিক কে আটক করেছে পুলিশ
আল-হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে র্যাবের হাতে আটককৃত ৪ বস্তা ভারতীয় মদের প্রকৃত মালিক লক্ষণ বনিক কে আটক করেছে পুলিশ। ২৪ আগস্ট মঙ্গলবার বিকেলে শহরের পশ্চিমবাজারস্থ শ্রীগুরু শিল্পালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়,সুনামগঞ্জে মাদকসহ র্যাবের হাতে নিরীহ নৌকা চালক মোঃ রুহুল আমিন আটক হলেও ঘটনার মূল হোতা লক্ষণ বনিক ধরাছোয়ার বাইরে ছিল।
গত ৮ আগস্ট রোববার রাত ১১টা ২০ মিনিটে ওসি আহাম্মদ আলী,এসআই কাজল চন্দ্র দেব, এসআই মোঃ খলিলুর রহমান ও এএসআই মোঃ ফারুক হোসেন এর নেতৃত্বে র্যাব-৯ এর সুনামগঞ্জ সিপিসি-৩ এর টহলদল শহরের উত্তর আরপিননগর আবাসিক এলাকার বন্ধন ৩৪নং বাসভবনে অভিযান চালিয়ে ১ লক্ষ ৫১ হাজার ৮শত পচাত্তর টাকা মূল্যের মোট ৪ বস্তায় রক্ষিত ৭২টি ভারতীয় মদের বোতল ও ২ হাজার ৪ শত টাকা জব্দসহ নৌকা চালক রুহুল আমিন কে আটক করে।
এ ঘটনায় র্যাবের ওসি আহাম্মদ আলী বাদী হয়ে রুহুল আমিনসহ অজ্ঞাতনামা লোকজনের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর সারণি ২৪ (খ) ধারায় মামলা নং ১২ (জিআর ২২৮/২১) তাং ১০/৮/২০২১ইং দায়ের করেন।
দায়েরকৃত মামলাটি সদর থানার এসআই অঞ্জন চন্দ্র সরকার তদন্ত করছেন। তদন্ত করতে গিয়ে তিনি গ্রেফতারকৃত রুহুল আমিনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছেন। কিন্তু এর পূর্বে আটককৃত ব্যক্তির কাছ থেকে জব্দকৃত মদের প্রকৃত মালিক শহরের নতুনপাড়া আবাসিক এলাকার নিলয় ৫০/২ নং বাসভবনের বাসিন্দা ও শহরের পশ্চিম বাজারস্থ শ্রীগুরু শিল্পালয় এর মালিক শংকর বনিক এবং তার পুত্র লক্ষণ বনিক ও রামকৃষ্ণ বনিক কে আটক করা হয়নি।
শহরের উত্তর আরপিননগর আবাসিক এলাকার বাসিন্দারা জানান,রুহুল আমিন একজন নিরীহ নৌকা চালক। সে এলাকার চিহ্নিত কোন মাদক ব্যবসায়ী নয় এবং ইতিপূর্বে তার বিরুদ্ধে সুনামগঞ্জ থানায় কোন ধরনের মামলাও হয়নি। সে ভাড়ায় প্রতিদিন সুরমা ও ধোপাজান নদীতে নৌকা চালায়। ঘটনার দিন বিকেল বেলা শ্রীগুরু শিল্পালয় নামের স্বর্ণের দোকানের মালামাল আনার কথা বলে তার নৌকা ভাড়া নেয় শংকর বনিক এর পুত্র রামকৃষ্ণ বনিক।
১৪ জুলাই শনিবার সিলেট শহরে উক্ত রামকৃষ্ণ বনিকের বিয়ে উপলক্ষে সেখানে ভারতীয় মদ সরবরাহ করার লক্ষে মদের চালান নিয়ে আসার জন্য সে রুহুল আমিন ও তার নৌকা ভাড়া নেয়। সহজ সরল রুহুল আমিন কে স্বর্ণের দোকানের মালামাল আনার কথা বলে নৌকা ভাড়া করলেও শহরের উত্তর আরপিননগরস্থ সুরমা নদীর দক্ষিণ পাড় থেকে নৌকা নিয়ে উক্ত রামকৃষ্ণ বনিক এর ভ্রাতা লক্ষন বনিক বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক মনিপুরিহাটি ঘাটে নিয়ে দীর্ঘ রাত প্রতীক্ষার একপর্যায়ে পাটের বস্তায় বাক্সভর্তি মদের বোতল নৌকায় উঠায়।
সেখান থেকে আরপিননগর ঘাটে ফিরে “তুমি আমার মালগুলো নৌকা থেকে তোমার বাড়িতে রেখে দিও আমি পরে গাড়ি এনে মালগুলো নিয়ে যাবো” বলে উক্ত লক্ষন বনিক বাসায় চলে যায়। এর মধ্যে সোর্সসূত্রে সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দল রুহুল আমিনের বাড়িতে অভিযান চালিয়ে মদের বস্তাসহ রুহুল আমিন কে আটক করে। উত্তর আরপিননগর আবাসিক এলাকার বাসিন্দা বাউল শিল্পী আব্দুল রব আহুল্লাহ ও সাংবাদিক আল-হাবিবসহ এলাকার লোকজন বলেন,রুহুল আমিন একজন নিরীহ নৌকাচালক।
দিনে আনে দিনে খায়। তারমতো একজন নিরীহ মানুষকে মিথ্যা কথা বলে নৌকা ভাড়া নিয়ে ভাড়া করা নৌকায় ভারতীয় মদ আমদানী করে শংকর বনিক এবং তার পুত্র রামকৃষ্ণ বনিক ও লক্ষন বনিক গুরুতর অন্যায় করেছে।
আমরা রুহুল আমিনের বাড়ি হতে জব্দকৃত মদের প্রকৃত মালিক শংকর বনিক এবং তার পুত্র রামকৃষ্ণ বনিক ও লক্ষন বনিক কে গ্রেফতারের জন্য র্যাব ও পুলিশ প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছি। উল্লেখ্য আটককৃত রুহুল আমিনের মোবাইলে শংকর বনিক এবং তার পুত্র রামকৃষ্ণ বনিক ও লক্ষন বনিক এর পরিচালনাধীন স্বর্ণের দোকান শ্রীগুরু শিল্পালয় এর মোবাইল নাম্বার সংযুক্ত রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা কললিস্ট ও রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে ২৪ আগস্ট মঙ্গলবার বিকেলে শহরের পশ্চিমবাজারস্থ শ্রীগুরু শিল্পালয় থেকে শুধুমাত্র লক্ষন বনিক কে গ্রেফতার করেছেন। তবে ভূক্তভোগী লোকজন ভারতীয় মদের প্রকৃত ব্যবসায়ী শংকর বনিক ও তার অপর পুত্র রামকৃষ্ণ বনিক কে গ্রেফতার করার জন্য র্যাব ও পুলিশ প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে শংকর বনিক ও তার পুত্র রামকৃষ্ণ বনিক রামু বলেন,র্যাব পুলিশকে ব্যবহার করে কোন শত্রুপক্ষ তাদেরকে হয়রানী করছে। কিন্তু উত্তর আরপিননগর আবাসিক এলাকার লোকজন চ্যালেঞ্জ করে বলেন, শংকর বনিক এবং তার পুত্র রামকৃষ্ণ বনিক রামু ও পুলিশের হাতে গ্রেফতারকৃত লক্ষণ বনিক তারা ৩ পিতাপুত্র নিয়মিতভাবেই ভারতীয় মদের ব্যবসা করে যাচ্ছেন।
এবং এ ব্যবসায় তারা তাদের দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্রীগুরু শিল্পালয় ও শ্রীলক্ষী গিফট কর্নার এন্ড কসমেটিক্স নামক দোকানগুলো ব্যবহার করছেন। সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সহিদুর রহমান স্বর্ণ ব্যবসায়ী লক্ষন বনিক কে গ্রেফতারের কথা নিশ্চিত করে বলেন,র্যাবের দেয়া মাদক মামলায় জড়িত সকল মাদক ব্যবসায়ীদেরকেই আমরা তদন্তের পর পর্যায়ক্রমে গ্রেফতার করবো। এ ঘটনায় কাউকে ছাড় দেয়া হবেনা।
স/এষ্

