তিন ফরম্যাটেই নিজেকে স্থায়ী করতে চান সাদমান
রাহুল রাজ : আট টেস্টের ক্যারিয়ার। সেঞ্চুরি একটি। বাঁহাতি ওপেনার সাদমান ইসলামকে এখনও টেস্টেই বিবেচনা করছেন নির্বাচকরা। টেস্ট বিশেষজ্ঞ হিসেবেই ধরা হচ্ছে তাকে। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৬ ম্যাচ খেলেছেন তিনি। লিস্ট-এ ক্রিকেটে খেলেছেন ৫৯ ম্যাচ। আর টি-২০ খেলেছেন ১১ ম্যাচ।
সাদমান এখন তিন ফরম্যাটেই বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান। মিরপুর স্টেডিয়ামে এমন ইচ্ছার কথাই জানিয়েছেন ২৬ বছর বয়সী ওপেনার।
সাদমান জানান, সব ফরম্যাটে খেলার ইচ্ছে তো থাকেই। এখন যেমন অফ সিজন আছে, আমি চেষ্টা করতেছি আমার কোথায় ঘাটতি সেটা ধরার, কীভাবে নিজেকে উপরের দিকে নেওয়া যায় এটা নিয়েই কাজ করতেছি। আশা করি ভালো পারফর্ম করলে নিজেকে ঐ জায়গায় নিয়ে যেতে পারবো।
জিম্বাবুয়ে থেকে ফেরায় ক্রিকেটের বাইরে টেস্ট দলের ক্রিকেটাররা। সম্প্রতি ব্যক্তিগতভাবে অনেকেই অনুশীলন করছেন। আগামী মাসেই বাংলাদেশ ‘এ’ দলের হয়ে এইচপির বিরুদ্ধে ম্যাচ খেলবেন সাদমান-মুমিনুলরা।
সাদমান জানান, আমি শুনেছি সামনে আমাদের কিছু ম্যাচ আছে এইচপির সাথে। আশা করি ম্যাচগুলো কাজে দিবে প্রস্তুতির ক্ষেত্রে। তারপরও আমাদের জাতীয় লিগ বা সিরিজ আছে। তো সেসবের জন্য নিজেকে প্রস্তুত করা যাবে এখানে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের কারণে বাংলাদেশের টেস্ট বেড়েছে। সাদমান মনে করেন, ভালো করলে আরও ম্যাচ খেলার সুযোগ আসবে। তিনি বলেছেন, আগে হয়তো আমরা এত বেশি টেস্ট খেলার সুযোগ পেতাম না। তবে সাম্প্রতিক সময়ে আমাদের অনেক টেস্ট ছিল, সামনে অনেক টেস্ট আছে টেস্ট চ্যাম্পিয়নশিপের। আমার মনে হয়না যে কম টেস্ট আছে। যদি নিজেদের আরও বেশি প্রস্তুত করতে পারি, ভালো পারফর্ম করতে পারি তাহলে আরও বেশি টেস্ট হয়তো আসবে। আমাদের আরও বেশি সুযোগ করে দিবে।

